দুর্ঘটনার ধাক্কা কাটতে না কাটতেই নতুন সমস্যায় অমিতাভ
শুটিংয়ের ব্যস্ততা আর বয়স—দুটির সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তবে সাম্প্রতিক সময়ে শরীর যেন তাকে কিছুটা থামার বার্তাই দিচ্ছে। কিছুদিন আগেই জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) সেটে পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই এবার নতুন এক সমস্যার কথা জানালেন বিগ বি।
এবার তার ভোগান্তির কারণ পর্যাপ্ত ঘুমের অভাব। শত চেষ্টা করেও প্রয়োজন মতো ঘুমাতে পারছেন না অমিতাভ। বয়সের এই সময়ে শারীরিক চোটের পাশাপাশি অনিদ্রার সমস্যা নিয়ে তাই কিছুটা চিন্তিত ভক্তরাও।
সম্প্রতি নিজের ব্লগে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন অমিতাভ। জানিয়েছেন, শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে রাতের ঘুমের কোনো বিকল্প নেই। কিন্তু দীর্ঘদিনের ব্যস্ত রুটিনে সেই প্রয়োজনীয় সময়টুকুও বের করতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
নিজের ব্লগ পোস্টে বিগ বি লেখেন, ‘রাতের ঘুমই শরীরকে সবচেয়ে ভালোভাবে সেরে উঠতে সাহায্য করে। কিন্তু সেই ঘুমের জন্যই সময় বের করতে আমার কষ্ট হচ্ছে। তবে এবার থেকে আমি দ্রুত ঘুমে পড়ার অভ্যাস করব। কাজের জন্য ভোরবেলা তো উঠতেই হয়, তাই রুটিন পরিবর্তন আনা জরুরি।’
অমিতাভ আরও জানান, কাজের ব্যস্ততার পাশাপাশি সবসময় নানা ধরনের চিন্তাভাবনাও মাথায় ঘুরতে থাকে। জীবনে অর্জন করা ভালো কিছুই তাকে এখনও এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। তবে এই দীর্ঘ পথচলা আরও এগিয়ে নিতে হলে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার কোনো বিকল্প নেই—বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই উপলব্ধিই যেন আরও গভীর হচ্ছে এই অভিনেতার।

বিনোদন ডেস্ক