ব্যথানাশক ওষুধ কাদের কিডনিতে সমস্যা করে?
ব্যথানাশক ওষুধ খেলে হঠাৎ কিডনি বিকল বা একিউট কিডনি ইনজুরি হওয়ার ঝুঁকি থাকে। তবে এটি সবার ক্ষেত্রে নয়। কারো কারো ক্ষেত্রে এই সমস্যা হয়।
তবে যারা দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে কিডনি বিকল বা ক্রনিক কিডনি ফেইলিউর হতে পারে। এসব বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৭৭তম পর্বে কথা বলেছেন ডা. জাকির হোসেন। বর্তমানে তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউট অ্যান্ড ইউরোলজি কিডনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হঠাৎ কিডনি বিকল হলে কী ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে?
উত্তর : তারা বিভিন্ন সমস্যা নিয়ে আসে। দেখা গেল, বলে, ‘আমাদের পাতলা পায়খানা হয়ে গিয়েছিল, অনেকবার হয়ে গেছে, দুদিন ধরে প্রস্রাব কমে গেছে বা একদমই প্রস্রাব হচ্ছে না, শরীর ফুলে গেছে’। কারো মাথাব্যথা করছে, গায়ে ব্যথা করছে। পেটে ব্যথা করছে। কেউ কেউ বলে, ‘জ্বর আসছে’। আসলে এটি অনেক কারণের ওপর নির্ভর করে। যদি পাতলা পায়খানার জন্য আসে তাহলে সাধারণত এই লক্ষণগুলো দেখা যায়।
আর যদি সড়ক দুর্ঘটনার কারণে হয়, তাহলে সড়ক দুর্ঘটনার ইতিহাস দেবে। রোগীরা আসলে এগুলো বলতে চায় না। আমাদেরই আসলে ইতিহাস নিয়ে নিয়ে বের করতে হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ব্যথানাশক ওষুধ। এটি অন্যতম একটি কারণ একিউট কিডনি ইনজুরি বা হঠাৎ কিডনি বিকলের জন্য। সবার ক্ষেত্রে বিষয়টি হয় না। তবে কারো কারো ক্ষেত্রে একটি ডোজ খেলেই কিডনি বিকল হতে পারে। এখানে জেনেটিক্যাল মিউটিশন বা জিনগত একটি বিষয় রয়েছে। ওষুধটা তার জন্য সঠিক নয়। এটি একটি কারণ।
আবার ব্যথানাশক ওষুধ যদি কেউ দীর্ঘমেয়াদি খায়, তার ভবিষতে কিডনির সমস্যা হতে পারে। তবে একিউট (হঠাৎ) কিডনি নয় ক্রনিক (দীর্ঘমেয়াদে) কিডনি রোগ।

ফিচার ডেস্ক