সকালের নাশতায় কী খাবেন
সারা দিনের শক্তি জোগাতে সকালে স্বাস্থ্যকর নাশতা খুব জরুরি। তবে সকাল বেলা কী খাবেন এ নিয়ে অনেকে দ্বিধায় পড়ে যান। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে পাঁচটি খাবারের নাম, যেগুলো সকালের নাশতা হিসেবে বেশ স্বাস্থ্যকর।
১. কলা
সকালের নাশতায় কলা একটি অত্যন্ত চমৎকার খাবার। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট। এটি অনেকক্ষণ পেট ভরা অনুভূতি দেয়। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, ইলেকট্রোলাইট। এটি উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি খুব ভালো খাবার। এ ছাড়া এর মধ্যে রয়েছে আয়রন। এটি রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। এর মধ্যে থাকা আঁশ হৃদরোগের ঝুঁকি কমায়।
২. ওট
সকালের স্বাস্থ্যকর নাশতার জন্য ওট হতে পারে আপনার অন্যতম পছন্দ। এর মধ্যে রয়েছে ভিটামিন-ই, প্রয়োজনীয় ফ্যাটি এসিড, আঁশ ইত্যাদি। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
ওট রক্তে শর্করার মাত্রা স্থির করে এবং টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমায়। ওট স্বল্প ক্যালরি-সমৃদ্ধ খাবার। এটি অনেক সময় ধরে পেট ভরা অনুভূতি দেয়।
৩. দই
গবেষণায় বলা হয়, দই ওজন কমাতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন বি৫, জিংক, আয়োডিন, রিবোফ্লাভিন এবং ভিটামিন বি১২। দই রক্তে লোহিত কণিকা ভালো রাখে। এর মধ্যে থাকা প্রোবায়োটিক উপাদান ইনফেকশনের সঙ্গে লড়াই করে। এটি কোষ্ঠকাঠিন্য, কোলন ক্যানসার এবং পেটের সমস্যা কমাতেও সাহায্য করে।
৪. চিনাবাদামের মাখন
সকালের শীর্ষ পাঁচ খাবারের মধ্যে চিনাবাদামের মাখন অন্যতম। টোস্টে দুই চা চামচ পিনাট বাটার যোগ করলে শরীরে বাড়তি শক্তি জোগায়। এটি সাত গ্রাম প্রোটিন এবং দুই গ্রাম আঁশের জোগান দেয়।
৫. ডিম
ডিম দেহের ভিটামিন ও মিনারেলের প্রতিদিনের চাহিদা অনেকটাই পূরণ হয়। এটি শক্তি জোগাতে সাহায্য করে। ডিমের মধ্যে রয়েছে লুটেইন এবং জিয়াক্স এনথিন অ্যান্টি-অক্সিডেন্ট। এগুলো চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে। ডিমের প্রোটিন দেহের পেশিকে ভালো রাখে।

ফিচার ডেস্ক