চক্ষু বিজ্ঞানে চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ সময় তারা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) চীনা চিকিৎসক দলের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পরিদর্শন শেষে সংবাদিকদের এসব তথ্য জানানো হয়। একইসঙ্গে প্রয়োজনে বাংলাদেশ থেকে আহতদের চীন নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি ৪২ জন রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন চীনা বিশেষজ্ঞ দল। তারা আহতদের চিকিৎসার সুযোগ-সুবিধার বিষয়েও তথ্য নেন। সময় ও সুযোগ পেলে আহত সকলকে চিকিৎসা দেবে চীনা বিশেষজ্ঞরা। আহতদের কাউকে দেশের বাইরে নিতে হলে তার প্রস্তুতিও রয়েছে তাদের।
চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং বলেন, আমাদের চিকিৎসকরা আহতদের দেখতে এসেছেন। তারা কীভাবে আহত হয়েছেন এবং বর্তমানে তাদের অবস্থা কেমন তা দেখা হচ্ছে। বাংলাদেশের হাসপাতালে থাকা অবস্থায় তাদের কী ধরনের উন্নতি হয়েছে তাও দেখা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, চীনা বিশেষজ্ঞ দল রোগীদের বর্তমান শারীরিক অবস্থা ও উন্নতির বিষয়গুলো দেখছেন। তারা চক্ষু হাসপাতালে সুযোগ-সুবিধাও দেখেছেন। সম্ভব হলে তারা এখানকার সুযোগ-সুবিধা ব্যবহার করে চিকিৎসা ও অস্ত্রোপচার করবেন। আর যদি প্রয়োজন হয় তারা রোগীদের চীন নিয়ে যাবেন।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক বলেন, প্রথম দফায় ২০ জন রোগী নির্বাচন করা হয়। আরও ছয় জনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এই ২৬ জনকে তারা দেখবেন। সুযোগ ও প্রয়োজন হলে বাকিদেরও তারা দেখবেন।
এ ছাড়াও চীনের বিশেষজ্ঞ দল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদেরও দেখতে যাবেন।

এনটিভি অনলাইন ডেস্ক