ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলায় ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনের (৫০) ওপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ক্যানসার হাসপাতাল, টিবি, লেপ্রোসি ও বক্ষব্যাধি হাসপাতালে একদল দুষ্কৃতিকারী অবৈধভাবে জায়গা দখল, কর্মকর্তা-কর্মচারীদেরকে হুমকি, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের অপকর্ম প্রতিনিয়তই করে যাচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারী জামালকে একদল দুষ্কৃতকারী গুলি করে হত্যা করে এবং বক্ষব্যাধি হাসপাতালের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে। যার সুষ্ঠু তদন্ত এখনো সম্পন্ন হয়নি এবং কোন আসামি গ্রেপ্তার হয়নি।
দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি এবং হাসপাতালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সার্বিক নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ড্যাব নেতারা।
ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিবৃতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, চিকিৎসকদের জানমালের নিরাপত্তা না থাকলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে চিকিৎসকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল নিজের ফেসবুক ওয়ালে বলেন, ‘চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল ও নিরাপত্তা নিশ্চিত করার জোড় দাবি জানাচ্ছি।’
গতকাল সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে অফিস শেষ করে হাসপাতাল থেকে বর্তমান বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক