ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে রামেক হাসপাতালে কর্মবিরতি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ইন্টার্ন চিকিৎসক সোসাইটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা জানান, গত রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এক স্বজনের হামলায় দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক আহত হন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা ও মবের শিকার হন। একের পর এক এমন ঘটনায় চিকিৎসকদের মধ্যে চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির, ডা. মোহাম্মদ নাসরুল্লাহ শেখ, ডা. আবিরা সুলতানা, ডা. তানিয়া আক্তার ও ডা. মো. শিবলী। তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের ন্যূনতম নিরাপত্তা নেই। আমরা সেবা দিতে এসে কেন হামলার শিকার হবো? অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
এদিকে ইন্টার্নদের কর্মবিরতির কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসা সেবা আংশিক ব্যাহত হচ্ছে। তবে রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি বিভাগ ও বহির্বিভাগের সেবা চালু রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিরা হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করবেন।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)