হাম ও উপসর্গে শিশু মৃত্যু দাঁড়াল ৭৫০
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে দেশে নিশ্চিত ও সন্দেহভাজন হামে মোট শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০।
আজ শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৫৭ হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩ এ অপরিবর্তিত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে আরও ৯০১ শিশু। এতে দেশব্যাপী সন্দেহভাজন হামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে।
এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়। এতে নিশ্চিত হামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৬।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারা দেশে সন্দেহভাজন হামে আক্রান্ত মোট ৯২ হাজার ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৮৯ হাজার ২৩৪ জন সুস্থ হয়েছেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)