ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৯২ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুজন এবং ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে একজন করে মারা গেছেন।
চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৪ জন খুলনা বিভাগে। এ ছাড়া বরিশালে ১৭৮, চট্টগ্রামে ২০২, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১, ময়মনসিংহে ৮০, রাজশাহীতে ১২২, রংপুরে ৫৪ এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক