হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১২৩৬
দেশে ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৬ জন।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৫৬ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৫৭ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮৮ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৪৮। এই সময়ে ১ হাজার ৩৩ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৮১৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৫৬২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এনটিভি অনলাইন ডেস্ক