ইফতারে দারুণ স্বাদের চিকেন কোপ্তা কারি
ইফতারে অনেকে একটু ভিন্ন স্বাদের পদ খেতে পছন্দ করেন। তাঁদের জন্য আমাদের আজকের রেসিপি চিকেন কোপ্তা কারি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে চিকেন কোপ্তা কারির রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন তাসনুভা। এটি তাঁর পছন্দের খাবার। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিকেন কোপ্তা কারি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ২৫০ গ্রাম চিকেন কিমা
২. একটি ডিম
৩. দুই চা চামচ আদা বাটা
৪. দুই চা চামচ রসুন বাটা
৫. দুই চা চামচ পেঁয়াজ বাটা
৬. দেড় চা চামচ জিরার গুঁড়ো
৭. দুই চা চামচ ধনিয়া গুঁড়ো
৮. স্বাদমতো লবণ
৯. স্বাদমতো কাঁচামরিচ কুচি
১০. দুই চা চামচ পেঁয়াজ কুচি
১১. পরিমাণমতো ব্রেড
১২. এক চা চামচ গরম মসলার গুঁড়ো
১৩. দুটি দারুচিনি
১৪. দুটি এলাচ
১৫. দুটি লবঙ্গ
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে চিকেন কিমা নিন। এতে ডিম দিন। এরপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ব্রেড দিয়ে ভালোভাবে মেরিনেট করুন।
এবার ছোট ছোট বল করে নিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে হালকা করে ভেজে নিন। এবার অন্য একটি সসপ্যানে তেল, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গরম মসলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পানি, মরিচের গুঁড়ো, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার ভাজা কোপ্তা দিয়ে রান্না করুন।
এবার কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন কোপ্তা কারি। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক