ইফতারে মুখরোচক চিকেন চাপ
এখন চলছে পবিত্র মাহে রমজান। সারা দিন রোজা রাখার পর আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ইফতারিতে অনেকের পছন্দ চিকেন চাপ। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে চিকেন চাপ রান্না করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে চিকেন চাপের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিকেন চাপ রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. দুই টুকরো মুরগির মাংস
২. দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা
৩. স্বাদমতো লবণ
৪. দুই টেবিল চামচ আদা বাটা
৫. দুই টেবিল চামচ রসুন বাটা
৬. আধা চা চামচ গরম মসলার গুঁড়ো
৭. স্বাদমতো মরিচের গুঁড়ো
৮. আধা চা চামচ জিরার গুঁড়ো
৯. আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো
১০. দুই টেবিল চামচ তেল
১১. পরিমাণমতো পানি
১২. ৮-১০ টুকরো আলু (ফ্রেঞ্চ ফ্রাই আকারে)
১৩. আধা কাপ পেঁয়াজ কুচি
১৪. আধা কাপ টমেটো কুচি
১৫. আধা কাপ ক্যাপসিকাম কুচি
১৬. আধা কাপ শসা কুচি
১৭. দুই টেবিল চামচ টমেটো সস
১৮. দেড় চামচ চিলি সস
১৯. স্বাদমতো লেবুর রস
২০. দুটি কাঁচামরিচ
প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির মাংস হালকা থেঁতো করে নিন। এবার একটি পাত্রে মুরগির মাংস নিন। এতে পেঁয়াজ বাটা, লবণ, আদা বাটা, রসুন বাটা, গরম মসলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
ফ্রাইপ্যানে তেল দিন। গরম তেলে মসলায় মাখানো মুরগির মাংস ও পানি দিয়ে রান্না করুন। এবার অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিন। গরম তেলে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কাটা আলু ভেজে তুলে নিন। সবশেষে রান্না করা মুরগির মাংস ফ্রাইপ্যানে দিয়ে ভেজে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লবণ, শসা কুচি, টমেটো সস ও চিলি সস দিয়ে ভেজে রান্না করুন।
রান্না হয়ে গেলে লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন চাপ। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক