গর্ভবতী মায়ের জন্য উপকারী লাউ চিংড়ি
লাউ অত্যন্ত পুষ্টিকর সবজি। বাজারে ঢুঁ মারলেই মিলবে লাউ। আর চিংড়ি তো সারা বছরই পাওয়া যায়। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে লাউ চিংড়ি রান্না করবেন।
লাউ অনেকের পছন্দের সবজি। যাঁরা ডায়েট কন্ট্রোল করেন, তাঁদের জন্য লাউ অত্যন্ত উপকারী। কারণ, লাউ লো ক্যালোরির একটি খাবার এবং সহজে হজম হয়ে যায়। লাউয়ের গুণের কথা বলে শেষ করা যাবে না। গর্ভবতী মায়েদের জন্য লাউ উপকারী। লাউয়ে যে পরিমাণ ফোলেট আছে, সেটা তাঁর অনাগত সন্তানের জন্য খুবই উপকারী।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে লাউ চিংড়ির রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে লাউ চিংড়ি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. পরিমাণমতো তেল
২. এক কাপ পেঁয়াজ বাটা
৩. আধা চা চামচ মরিচ গুঁড়ো
৪. এক টেবিল চামচ হলুদ গুঁড়ো
৫. স্বাদমতো লবণ
৬. পরিমাণমতো পানি
৭. এক চা চামচ ধনিয়া গুঁড়ো
৮. পাঁচ-ছয়টি চিংড়ি মাছ
৯. একটি লাউ
১০. ৮-১০টি কাঁচামরিচ
১১. পরিমাণমতো ধনেপাতা কুচি
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। অন্য একটি বাটিতে পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। গোলানো মসলাগুলো ফ্রাইপ্যানে ঢেলে দিন। এতে ধনিয়া গুঁড়ো ও চিংড়ি মাছ দিয়ে ঢেকে রান্না করুন।
রান্না হয়ে গেলে নামিয়ে নিন। এবার ফ্রাইপ্যানে লাউ দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে রান্না করা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে ধনেপাতা ও কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু লাউ চিংড়ি। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক