টক দইয়ের স্বাদে মজাদার ইলিশ খিচুড়ি
ইলিশ খিচুড়ি খেতে ভালোবাসেন না, এমন বাঙালি খুব কমই রয়েছে। খিচুড়ি তো এমনিতেই দারুণ স্বাদের খাবার। আর এর সঙ্গে যদি যুক্ত হয় ইলিশ, তবে এর স্বাদ বেড়ে যায় বহু গুণে। আজ আমরা জানাব, কীভাবে সহজে ইলিশ খিচুড়ি রান্না করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে ইলিশ খিচুড়ির রেসিপি দেওয়া হয়েছে। এতে উপকরণও লাগে কম, তৈরিও হয় দ্রুত। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ইলিশ খিচুড়ি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. চার টেবিল চামচ সরিষার তেল
২. পাঁচ পিস ইলিশ মাছ
৩. এক চা চামচ হলুদের গুঁড়ো
৪. দেড় চা চামচ মরিচের গুঁড়ো
৫. স্বাদমতো লবণ
৬. দেড় কাপ সেদ্ধ চাল
৭. এক কাপ মসুর ডাল
৮. এক কাপ পেঁয়াজকুচি
৯. পাঁচটি কাঁচামরিচ ফালি
১০. দুটি তেজপাতা
১১. এক চা চামচ আদাকুচি
১২. এক চা চামচ রসুনকুচি
১৩. এক চা চামচ টক দই
১৪. পরিমাণমতো পানি
১৫. ৮-১০টি আস্ত কাঁচামরিচ
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এর পর বাটিতে ইলিশ মাছের সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মেখে গরম তেলে ভেজে নিন। এবার সসপ্যানে তেল দিন। এতে পেঁয়াজকুচি, কাঁচামরিচ ফালি, চাল ও ডাল দিয়ে ভালোভাবে মেশান। এর পর এতে হলুদ, মরিচের গুঁড়ো, তেজপাতা, আদাকুচি, রসুনকুচি, টক দই, পানি, লবণ ও কাঁচামরিচ দিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন। এবার ভাজা ইলিশ মাছ খিচুড়ির মাঝখানে দিয়ে পাঁচ মিনিট দমে রেখে তুলে পরিবেশন করুন। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক