টিফিনে বাচ্চাদের প্রিয় কাচকি মাছের বড়া
কাচকি মাছ খেতে খুব সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। মাঝেমধ্যে ছোট মাছ খাওয়া ভালো। ছোট-বড় সবার স্বাস্থ্যের পক্ষে উপকারী। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে কাচকি মাছের বড়া রান্না করবেন।
বাচ্চাদের প্রিয় খাবার কাচকি মাছের বড়া। হালে বাচ্চাদের চোখের সমস্যা বেশি দেখা যায়। এ মাছে রয়েছে ভিটামিন-এ। এ বড়া খেলে তারা ভিটামিন-এ পেয়ে যাবে। বিকেলে স্ন্যাকস হিসেবে খাওয়া যায়। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে কাচকি মাছের বড়ার রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে কাচকি মাছের বড়া রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. এক কাপ কাচকি মাছ বাটা
২. এক কাপ আলু পেস্ট
৩. দুই টেবিল চামচ পেঁয়াজ কিমা
৪. এক চা চামচ রসুন পেস্ট
৫. দুই চা চামচ আদা পেস্ট
৬. এক টেবিল চামচ হলুদের গুঁড়ো
৭. এক চা চামচ মরিচের গুঁড়ো
৮. দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি
৯. আধা চা চামচ জিরার গুঁড়ো
১০. স্বাদমতো লবণ
১১. পরিমাণমতো ময়দা
১২. আধা কাপ ধনেপাতা কুচি
১৩. পরিমাণমতো তেল
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি বাটিতে কাচকি মাছ বাটা, আলু পেস্ট, পেঁয়াজ কিমা, রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়ো, লবণ, ময়দা, ধনেপাতা কুচি ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
ফ্রাইপ্যানে তেল দিন। এতে মসলা মাখানো কাচকি মাছের বাটা বড়া আকারে বানিয়ে একে একে তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কাচকি মাছের বড়া। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক