ডিনারে খান মজাদার আলুর চাট
হোটেল বা রেস্তোরাঁয় না গিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি সহজে তৈরি করতে পারেন ইয়াম্মি সব রেসিপি। অনেকে আলুর চাট খেতে ভালোবাসেন। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে আলুর চাট তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে আলুর চাটের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ তাসনীম আশিক। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে আলুর চাট তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. এক কাপ সেদ্ধ আলু
২. পরিমাণমতো তেল
৩. দুই টেবিল চামচ পাঁচফোড়ন
৪. এক কাপ টমেটো ও বরবটি কুচি
৫. স্বাদমতো লবণ
৬. সামান্য চিনি
৭. দুই টেবিল চামচ তেঁতুলের রস
৮. একটি সেদ্ধ ডিম
৯. পরিমাণমতো পানি
১০. দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পাঁচফোড়ন ও পেঁয়াজ কুচি হালকা করে ভাজুন। ভাজা হলে টমেটো, বরবটি কুচি, সেদ্ধ আলু, লবণ, চিনি ও তেঁতুলের রস দিয়ে ঢেকে সেদ্ধ করুন।
সবশেষে পানি ও কাঁচামরিচ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে ডিমের সাথে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের আলুর চাট। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। সেই সঙ্গে দেখে নিন বার্গারের রেসিপি।

ফিচার ডেস্ক