বেবি অয়েলের ভিন্ন ব্যবহার
প্রায় সবার মধ্যে একটা ধারণা রয়েছে- বেবি অয়েল শুধু শিশুদের শরীর মালিশের জন্যই ব্যবহার করা হয়। ধারণাটি আপনি এবার পাল্টে ফেলেন। কারণ আপনি নিজের নানা ধরনের রূপচর্চাতেও বেবি অয়েল ব্যবহার করতে পারেন।
শুনে বুঝি অবাক হচ্ছেন? রূপচর্চার বিভিন্ন ম্যাগাজিন পড়লে আপনি জানতে পারবেন বেবি অয়েলের নানাবিধ ব্যবহার সম্পর্কে। অনেক সেলিব্রিটিও বেবি অয়েল ব্যবহারের পরামর্শ দেন।
বেবি অয়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এতে খুব কম কেমিকেল ব্যবহার করা হয়, যা ত্বকের জন্য খুব উপকারী।
বেবি অয়েলের নানাবিধ ব্যবহার সম্পর্কে জীবণধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে বলা হয়েছে। একনজরে দেখে নিন কী সেগুলো।
১. মসৃণ ত্বকের জন্য
ত্বকের যত্নে বেবি অয়েল খুব ধারাবাহিক ও সাধারণ ব্যবহার এটা। গোসলের পর শরীরে তেল মালিশ করুন এবং স্বাভাবিকভাবে শুকাতে দিন। ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখতে ব্যবহার করতে পারেন এই তেল।
২. মেকআপ পরিষ্কার করতে
রাতে পার্টি করে ঘরে ফিরে ক্লান্ত হয়ে পড়েছেন? কিন্তু আপনি কখনই চাইবেন না সকালে উঠে নিজের কিম্ভূতকিমাকার চেহারা দেখতে। তাই অন্যকিছু ব্যবহার করে সময় নষ্ট না করে, চট জলদি বেবি অয়েল ব্যবহার করুন। তুলো কিংবা নরম কাপড়ে বেবি অয়েল নিয়ে ত্বকে ম্যাসেজ করলেই মেকআপ উঠে যাবে।
৩. পায়ের যত্নে
ত্বকের যত্নে বেবি অয়েলের আরো যদি ব্যবহার করতে চান, তাহলে এই কাজটি করতে পারেন। এই তেল পায়ের লোম পরিষ্কারে ভালো কাজ করে। শেভিং ক্রিম হিসেবেও ব্যবহার করা হয়। বেবি অয়েলের নিয়মিত ব্যবহারে পা হয়ে ওঠে আরো মসৃণ।
৪. চোখের কালো দাগ দূর করে
আপনার চোখের নিচে কি কালো দাগ জন্মেছে? চিন্তার কিছু নেই। কয়েক ফোঁটা বেবি অয়েল তুলায় নিয়ে চোখের নিচের কালো স্থানে লাগিয়ে ম্যাসেজ করতে হবে। নিয়মিত এই তেল ব্যবহারে দূর হবে কালো দাগ।
৫. ঠোঁটের যত্নে
ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে বেবি অয়েলের জুড়ি নেই। এ জন্য সামান্য বেবি অয়েলের সঙ্গে চিনি ও লেবুর রস মিশিয়ে সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখতে হবে। তাহলে পেয়ে যাবেন গোলাপি সুন্দর ঠোঁট।
৬. পা ফাটা রোধে
অনেকেই পা ফাটা সমস্যায় ভোগেন। আর শীতকালে এ সমস্যা আরো তীব্র হয়। পায়ে বেবি অয়েল লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ঘুমানোর আগে মোজা পরে নিন। সকালে উঠেই দেখবেন পা হয়েছে আরো নরম ও মসৃণ।
৭. নখের যত্নে
যাদের নখ অনেক নরম, সহজে ভেঙে যায় তারা বেবি অয়েল ব্যবহার করলে উপকার পাবেন। হাত ও পায়ের নখে সামান্য বেবি অয়েল নিয়ে ম্যাসেজ করুন। নিয়মিত ম্যাসেজে দেখবেন নখ ভাঙা সহজেই বন্ধ হবে।

মাজেদুল হক তানভীর