বিড়ালের প্রেমে মজেছেন ব্রিটনি, জেনিফার ও টেইলর সুইফট!
রূপালি পর্দার ঝলমলে আলো, লাল গালিচার গ্ল্যামার আর কোটি কোটি অনুরাগীর বিনোদন সবকিছুর পেছনে হলিউড তারকাদের অন্দরের ব্যক্তিগত জীবনটাও দারুণ কৌতূহলোদ্দীপক। কাজের ব্যস্ততা আর তারকাখ্যাতির আড়ালে এই তারকারাও মন ভালো করার সহজ পথ খুঁজে নেন পোষা প্রাণীর সান্নিধ্যে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হলিউড ডিভাদের বিড়ালপ্রীতি ও পোষ্যপ্রেম অনুরাগীদের মন জয় করে নিয়েছে।
পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সের নতুন বিড়াল পোষার আকুলতা, জেনিফার লোপেজের বিড়াল ‘হেন্ডরিক্স’ কে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, কিংবা টেইলর সুইফটের বিখ্যাত বিড়াল ‘বেঞ্জামিন বাটন’ এর আন্তর্জাতিক সাময়িকীর কভার স্টোরিতে জায়গা করে নেওয়া সবই প্রমাণ করে যে আলো-ঝলমলে দুনিয়ার বাইরে এই চতুর ও আদুরে প্রাণীরাই তাঁদের পরম নির্ভরতার জায়গা। তারকাদের জীবনের সেই অদ্ভুত বিড়ালপ্রীতি ও মজার সব অনুভূতির গল্প নিয়ে আজকের এই আয়োজন।
পপ প্রিন্সেস ব্রিটনি স্পিয়ার্স বরাবরই তার স্বতঃস্ফূর্ত ও খোলামেলা স্বভাবের জন্য পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই তার মনের কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। একবার এক পোস্টে ব্রিটনি নিজের মনের আকুতি প্রকাশ করে লিখেছিলেন—‘আমি সত্যিই একটা ছোট বিড়াল খুব চাই! আমি আগে কখনো বিড়াল পুষিনি…. ওদেরকে আমার বেশ সন্দেহজনকভাবে চালাক মনে হয়! আমাদের মধ্যে একটা মিল আছে, আমরা দু‘জনেই দুধ পছন্দ করি।’
ব্রিটনির এই সরল স্বীকারোক্তি ও বিড়ালের ‘চালাক’ স্বভাব নিয়ে তাঁর মজার মন্তব্য ভক্তদের বেশ আনন্দ দিয়েছিল। কখনো বিড়াল না পোষার পরেও বিড়াল পোষার এই সুপ্ত ইচ্ছে তার প্রাণবন্ত স্বভাবেরই বহিঃপ্রকাশ।
অন্যদিকে, বিশ্বখ্যাত তারকা জেনিফার লোপেজও তাঁর পোষ্যদের প্রতি ভীষণ যত্নশীল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোষা বিড়ালের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেওয়ার সময় তাঁর উচ্ছ্বাস ছিল দেখার মতো। বিশেষ করে নতুন পোষ্যকে স্বাগত জানিয়ে তিনি লিখেছিলেন—‘পরিচয় করিয়ে দিচ্ছি… হেন্ডরিক্স-এর সঙ্গে!’
তারকারা যখন তাঁদের আদরের পোষ্যদের এভাবে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে নিয়ে আসেন, তখন তা প্রমাণ করে যে বাইরের জগত যতই ব্যস্ত হোক না কেন, ঘরের কোণে এই পোষ্যদের সান্নিধ্যেই তারা প্রকৃত শান্তি খুঁজে পান।
টেইলর সুইফটের মতো তারকারাও যখন তাঁদের আদরের পোষ্য বিড়াল ‘বেঞ্জামিন বাটন’ কে নিয়ে কোনো ইন্টারভিউ বা বিশেষ ম্যাগাজিনের কভার স্টোরিতে হাজির হন, তখন তা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। যেমন, এক সাক্ষাৎকারে হাইলাইট করা হয়েছিল—‘‘টেইলর সুইফটের ‘পারসন অব দ্য ইয়ার’ ইন্টারভিউর পুরো অংশটি পড়ুন (যেখানে বিড়াল বেঞ্জামিন বাটনও রয়েছে)।’’
সেলিব্রিটিদের এই ছোট ছোট বিড়াল প্রীতি বা তাদের নিয়ে মজার অনুভূতিগুলো ভক্তদের সঙ্গে তারকাদের এক অদৃশ্য আত্মিক সম্পর্ক তৈরি করে। ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং মানসিক প্রশান্তি পেতে এই তারকাদের কাছে তাদের পোষ্য বিড়ালগুলো হয়ে ওঠে পরম নির্ভরতার জায়গা।
সূত্র: পিপল ডটকম

ফিচার ডেস্ক