আদুরে এডওয়ার্ডকে নিয়ে কী বললেন আলিয়া ভাট?
বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন এবং তাঁদের পোষ্যদের প্রতি ভালোবাসা নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। রুপালি পর্দার গ্ল্যামার পেরিয়ে তারকাদের বাস্তব জীবনটা কেমন, তা জানার আগ্রহ বরাবরই ভক্তদের মধ্যে কাজ করে। বিশেষ করে জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট ও তাঁর আদুরে পোষ্য বিড়াল ‘এডওয়ার্ড’এর বন্ডিংয়ের কথা কমবেশি সবারই জানা। সুখে-দুঃখে, এমনকি বিয়ের মণ্ডপেও আলিয়ার পাশে ছায়ার মতো থাকা এই পোষ্যটি কেবল তাঁর ভালোবাসার পাত্রই নয়, বরং জীবনকে সহজভাবে উপভোগ করার এক দারুণ পাঠও যেন অভিনেত্রীকে শিখিয়েছে।
পোষ্য বিড়ালদের প্রতি তাঁর ভালবাসা বারংবার প্রকাশ পেয়েছে আলিয়া ভাটের কথায়। বিভিন্ন সময় অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ভাগ করে নিয়েছেন এডওয়ার্ড আর জুনিপারদের সঙ্গে আদুরে মুহূর্তের নানা ছবি।
আলিয়ার কাছে তাঁর পোষ্যেরা কেবল ভালবাসার পাত্র নয়, বিভিন্ন সময় তাদের থেকে জীবনের পাঠও নেন তিনি। পোষ্য বিড়ালদের থেকে কী শিখেছেন অভিনেত্রী? এক সাক্ষাৎকারে তাঁকে এই প্রশ্ন করা হলে আলিয়ার জবাব, ‘‘জীবনে চলতে গিয়ে পোষ্যদের থেকেও আমি শিখেছি। যেমন জীবনে তোমার সঙ্গে অনেক ঘটনাই ঘটবে, তবে সব ঘটনাকে খুব বেশি গুরুত্ব দিলে চলবে না। জীবনে কারও কাছ থেকে কোনও প্রত্যাশা রেখো না, যত কম প্রত্যাশা রাখবে, ততই দুঃখ কম হবে। হতাশ কম হবে। পোষ্যরা আমায় শিখিয়েছে ঘুমোতে। সময় পেলেই ঘুমোও, তা হলে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকবে।’’
আলিয়ার পোষ্যপ্রেমের কথা কারও অজানা নয়। এর আগেও কুকুর, বিড়াল পোষ্য হিসেবে রেখেছেন নায়িকা। ঘনিষ্ঠ মহলে তিনি নাকি বলেন, উপহার হিসেবে কেউ তাঁকে পোষ্য দিলে তিনি সবচেয়ে খুশি হন। আলিয়ার প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মলহোত্র তাঁকে একটি পোষ্য উপহার দেন। সম্পর্ক না টিকলেও পোষ্য এডওয়ার্ডের প্রতি আলিয়ার ভালবাসা এতটুকুও কমেনি। বিয়ের পিঁড়িতেও আলিয়ার পাশে এডওয়ার্ডকে দেখা গিয়েছে। সিদ্ধার্থ কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে এডওয়ার্ডের কথা ভেবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, আজও এডওয়ার্ডের কথা তাঁর ভীষণ মনে পড়ে।
এদিকে, বিশ্ব বিড়াল দিবস উপলক্ষে আলিয়া ভাট তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আদুরে বিড়াল এডওয়ার্ডের সঙ্গে কয়েকটি চমৎকার ছবি প্রকাশ করেছেন। ছবিগুলো শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, "He just gets it. Happy Eddie day!" অভিনেত্রীর এই মিষ্টি পোস্টটি মুহূর্তেই নজর কেড়েছে তাঁর ভক্তদের।

ফিচার ডেস্ক