নদীর নাকি সমুদ্রের ইলিশ, চিনবেন কীভাবে?
ইলিশ বাঙালির রসনায় শুধু একটি মাছ নয়, বরং স্বাদের এক আলাদা আবেগ। গরম ভাতের সঙ্গে তেলঝরা ইলিশের স্বাদ পেতে কে না চান! তবে বাজার থেকে ইলিশ কিনতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন—মাছটি নদীর, নাকি সমুদ্রের?
কেন নদীর ইলিশ খাবেন? আসলে নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু। নদীর ইলিশের স্বাদ ও গন্ধের প্রতি ভোজনরসিকদের আলাদা টান রয়েছে। এই মাছ মূলত প্ল্যাঙ্কটন খায়। এ কারণে নদীর ইলিশ তুলনামূলক বেশি সুস্বাদু ও তেলতেলে হয় বলে প্রচলিত ধারণা রয়েছে। তাই এই ইলিশ খেতে সুস্বাদু হয়। কিন্তু বাজারে গিয়ে চোখের দেখায় নদী ও সমুদ্রের ইলিশ আলাদা করা সব সময় সহজ নয়।
তবে মাছের কিছু বাহ্যিক বৈশিষ্ট্য খেয়াল করলে নদীর ইলিশ চেনা কিছুটা সহজ হতে পারে। ইলিশ কেনার সময় তাই দেখে নিতে পারেন এই পাঁচটি বিষয়—
১. নদীর ইলিশ সাধারণত চ্যাপ্টা আকারের হয়। এদের পেট হয় মোটা। অন্যদিকে সমুদ্রের ইলিশ সরু ও লম্বা হয়ে থাকে।
২. নদীর ইলিশের মাথা ছোট আকারের। মাথাটা চ্যাপ্টা হয়ে থাকে।
৩. এ ছাড়া নদীর ইলিশের রং অনেক উজ্জ্বল হয়। এটা পুরো রুপালি রঙের হয়ে থাকে।
৪. নদীর ইলিশের পেটের কাছে লালচে একটা আভা থাকে। আর এই মাছের পিঠের দিকটা কালচে হয় না। অন্যদিকে সমুদ্রের ইলিশে পিঠের রঙ কিছুটা কালচে হয়।
৫. আর সব থেকে বড় কথা নদীর ইলিশের চোখ হয় স্বচ্ছ। এর কানকো টকটকে লাল হয়ে থাকে।

ফিচার ডেস্ক