আপনার প্রেম নষ্ট করছে ফোনের এই ৫ অভ্যাস
একসময় প্রেমিক-প্রেমিকা কিংবা দম্পতিরা সারাদিন অপেক্ষা করতেন একে অন্যের সঙ্গে কথা বলার জন্য। এখন অনেক সময় একই ঘরে বসেও দুজনের চোখ থাকে দুই রকম পর্দায়। ঘুম থেকে ওঠা, খাওয়ার সময় কিংবা ঘুমাতে যাওয়ার আগে; জীবনের প্রায় প্রতিটি মুহূর্তেই ফোন যেন আমাদের সঙ্গী।
প্রযুক্তি আমাদের একে অন্যের কাছাকাছি আনলেও অতিরিক্ত ফোন ব্যবহার কখনো কখনো সম্পর্কের মধ্যে অজান্তেই দূরত্ব তৈরি করতে পারে। বিষয়টি শুধু আপনি দিনে কত ঘণ্টা ফোন ব্যবহার করছেন, তা নয়। বরং ফোনের কারণে আপনি সঙ্গীকে কতটা সময়, মনোযোগ ও গুরুত্ব দিচ্ছেন; সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
আপনার সম্পর্কেও কি এমন কিছু হচ্ছে? দেখে নিন ফোন ব্যবহারের এই পাঁচ অভ্যাস।
কথা বলার আগেই ফোন হাতে নেওয়া
কাজ শেষে দুজন একসঙ্গে বসেছেন। কিন্তু একে অন্যের সঙ্গে কথা বলার বদলে একজন ফেসবুক দেখছেন, অন্যজন ইউটিউব বা হোয়াটসঅ্যাপে ব্যস্ত। এমনকি সঙ্গী কেমন আছেন, দিনটা কেমন গেল—সেটা জানার আগেই ফোন হাতে চলে যাচ্ছে। সম্পর্ক টিকে থাকে ছোট ছোট কথোপকথনের মাধ্যমে। প্রতিদিনের এসব সাধারণ আলাপ কমে গেলে অজান্তেই দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হতে পারে।
কথা বলার সময়ও ফোনে চোখ
আপনি হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা বলছেন, ভালো কোনো খবর দিচ্ছেন কিংবা দিনের অভিজ্ঞতা শেয়ার করছেন। কিন্তু সঙ্গী বারবার ফোনের দিকে তাকাচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মনে হতে পারে, আপনার কথার চেয়ে ফোনটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এভাবে চলতে থাকলে বিরক্তি ও অভিমান তৈরি হতে পারে। সমস্যাটা আসলে ফোন নয়; বরং সঙ্গীর মনে হতে পারে, তিনি আর আপনার কাছে আগের মতো গুরুত্বপূর্ণ নন।
অবসর পেলেই স্ক্রল করা
একসঙ্গে বসে আছেন, কথা বলার মতো কিছু নেই। এমন সময় একটু চুপচাপ থাকা সম্পর্কের জন্য খারাপ নয়। বরং পাশাপাশি নীরবে বসে থাকাও দুজনের মধ্যে স্বস্তি ও ঘনিষ্ঠতা তৈরি করতে পারে। কিন্তু প্রতিটি নীরব মুহূর্ত যদি ফোনে স্ক্রল করার সুযোগ হয়ে যায়, তখন ধীরে ধীরে একসঙ্গে কাটানো সময়ের মান কমতে থাকে। দুজন একই জায়গায় থাকলেও নিজেদের আলাদা ডিজিটাল জগতে হারিয়ে যেতে পারেন।
ফোন নিয়ে বারবার ঝগড়া
সঙ্গী কি প্রায়ই বলেন, ‘তুমি সবসময় ফোন নিয়েই থাকো’? কিংবা একই বিষয় নিয়ে আপনাদের মধ্যে বারবার ঝগড়া হচ্ছে? ফোন ব্যবহারের বিষয়টি যখন নিয়মিত ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়, তখন এর পেছনে অন্য কোনো সমস্যা থাকতে পারে। হয়তো একজন মনে করছেন, তাকে সময় দেওয়া হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে না কিংবা সঙ্গী মানসিকভাবে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। ফোন তখন সেই অসন্তোষের দৃশ্যমান কারণ হয়ে ওঠে।
সঙ্গীর চেয়ে অনলাইন মানুষদের খবর বেশি জানা
আপনি হয়তো জানেন প্রিয় তারকা আজ কী পোস্ট করেছেন, কোন তারকা কার সঙ্গে সম্পর্কে আছেন কিংবা আপনার প্রিয় ইনফ্লুয়েন্সার দুপুরে কী খেয়েছেন। কিন্তু শেষ কবে সঙ্গীকে জিজ্ঞেস করেছেন—কী নিয়ে তিনি চিন্তিত, এই সপ্তাহে কী তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, কিংবা সামনে তিনি কী নিয়ে আগ্রহী? অনলাইনের মানুষের জীবন সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতে গিয়ে যদি নিজের সঙ্গীর জীবন সম্পর্কে জানার আগ্রহ কমে যায়, তাহলে সম্পর্কটি ধীরে ধীরে একঘেয়ে মনে হতে পারে।
সম্পর্কে কাছাকাছি থাকার জন্য সবসময় বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। কখনো কখনো ফোনটা পাশে রেখে কয়েক মিনিট মন দিয়ে কথা বলাই যথেষ্ট। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী করছে, তার চেয়ে আপনার কাছের মানুষটি কেমন আছেন—সেটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ফিচার ডেস্ক