কাল অনুশীলনে ফিরছেন মুশফিকরা
প্রস্তুতি চলছিল কয়েক দিন ধরেই। এবার মাঠে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলো। লম্বা বিরতির পর আগামীকাল রোববার অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা। অবশ্য অনুশীলনে ফিরতে কাউকে বাধ্য করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুশীলনে আগ্রহীদের জন্য খুলে দেওয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘আজ থেকেই অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। তবে মুশফিক জানিয়েছে আগামীকাল থেকে ফিরতে চায়। রোববার সকাল থেকে ফিরবে তারা।’
ক্রিকেটারদের অনুশীলন চলাকালীন সাংবাদিকদের কাছাকাছি যাওয়া নিষেধ বলেও জানান বিসিবি পরিচালক, ‘ক্রিকেটারদের অনুশীলন চলাকালীন সাংবাদিকদের কাছে যাওয়া নিষেধ। একাডেমি মাঠে ক্রিকেটাররা অনুশীলন করলে সাংবাদিকরা দূরে দাঁড়িয়ে দেখতে পারবেন। আর ইনডোরে অনুশীলন করলে সাংবাদিকদের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই।’
আপাতত অনুশীলনে ফিরছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৈয়দ খালেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও নাঈম হাসান। এই ৯ জন ক্রিকেটারের জন্য এক সপ্তাহের অনুশীলন সূচি তৈরি করেছে বিসিবি। সূচি অনুযায়ী, একজন একজন করে অনুশীলন করবেন। এর মধ্যে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম অনুশীলন করবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। খুলনায় অনুশীলন করবেন মেহেদী ও সোহান। সিলেটে অনুশীলন করবেন পেসার খালেদ ও নাসুম। আর চট্টগ্রামে অনুশীলন করবেন নাঈম হাসান। আগামী ২৬ জুলাই শেষ হবে সাত দিনের এই অনুশীলন।

হিমু আক্তার