জাপানে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল
কাতার বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী নভেম্বরে। এরই মধ্যে গ্রুপ ও সূচি সবই ঠিক হয়ে গেছে। বিশ্বকাপের আগে প্রতিটি দলই প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও জাপান একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ৬ জুন দুই দল লড়াইয়ে নামবে। জাপান ফুটবল এসোসিয়েশন এই ঘোষণা দিয়েছে।
স্পোর্টস্টারের খবরে জানা গেছে, বিশ্বকাপ সামনে রেখে জাপান চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে। টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ২ জুন প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জাপান। এরপর ১০ জুন কোবে ও ১৪ জুন ওসাকাতে আরও দুটি ম্যাচ থাকলেও এই দুটি ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।
জাপানের কোচ হাজিমে মোরিইয়াসু এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমরা দারুণ আনন্দিত। তারা বিশ্বের এক নম্বর দল। এই মুহূর্তে আমরা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে সামনে পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। র্যাঙ্কিংয়ে শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা দারুণ হবে। এক্ষেত্রে কোনো চাপ নিতে চাইনা। ম্যাচটিতে আমরা নিজেদের শতভাগ দিয়ে খেলতে চাই।’
এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ তারা বিশ্বকাপ জেতে। আসন্ন কাতার বিশ্বকাপেও ফেভারিট তারা। বাছাইপর্বে অপরাজিত থেকে মূল পর্বে উঠেছে ব্রাজিল। বাছাই পর্বে তাদের সর্বোচ্চ পয়েন্ট ।
কাতার বিশ্বকাপ ২১ নভেম্বর মাঠে গড়াবে। শেষ হবে ১৮ ডিসেম্বর। আসরে ‘জি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা। আর জাপান খেলবে ‘ই’ গ্রুপে।

স্পোর্টস ডেস্ক