বিশ্বকাপে উঠতে ব্যর্থ সাবেক চ্যাম্পিয়ন ইতালি
আবারও বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো সাবেক চ্যাম্পিয়ন ইতালি। উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। গত রাশিয়া বিশ্বকাপেও উঠতে ব্যর্থ হয়েছিল ইতালি।
অবশ্য ২০২০ ইউরোতে রবার্তো মানচিনির কোচিংয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। সে তারাই কি না দুর্বল উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে যায়। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল নিয়ন্ত্রণে ছিল ইতালির দখলে।
একাধিক গোলের সুযোগ তৈরি করেও জিততে পায়নি ইতালি। ম্যাচের সেরা সুযোগটা প্রথমার্ধে পেয়েছিলেন ফরওয়ার্ড ডমেনিকো বেরার্ডি। ফাঁকা পোস্ট পেয়েও বল জালে পাঠাতে পারেননি বেরার্ডি।
ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি সময়ে বোজান মিওভিস্কির পাস থেকে বল পেয়ে গোল করেন গোরান পানডেভের স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার ট্রাজকোভিস্কি। এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর মেসিডোনিয়া।
২০১৪ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল ইতালি। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ পড়ে তারা। এবার কাতার বিশ্বকাপেও যেতে পারছে না তারা।
ম্যাচ শেষে হতাশ ইতালি কোচ মানচিনি বলেন, ‘এটা আমার কাছে সবচয়ে বড় ব্যর্থতা। আমার খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে। এতটাই হতাশ আমি যে ভবিষ্যৎ নিয়েও কিছু বলতে পারব না।’

স্পোর্টস ডেস্ক