অ্যান্ডারসন এখন নাম্বার ওয়ান
বয়স ৩৫ পেরিয়েছে। এই বয়সে এসে পেসাররা সাধারণত অবসরের চিন্তাভাবনা করেন। তবে জেমস অ্যান্ডারসনের বেলায় বিষয়টা ভিন্ন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে যেন নিজেকে আরো শানিত করছেন এই ইংলিশ পেসার। মাত্রই ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। শেষ টেস্টে ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন তিনি। কেবল তাই নয়, সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে টেস্টের সবচেয়ে ভালো বোলিং ফিগারটা এখন অ্যান্ডারসনের দখলে।
এবার আরেক সুখবর পেলেন জেমস অ্যান্ডারসন। আইসিসির টেস্ট র্যাংকিংয়ের নম্বর ওয়ান জায়গাটি এখন এই পেসারের। ভারতের রবিন্দ্র জাদেজাকে পেছনে ফেললেন তিনি। জাদেজার চেয়ে ১২ রেটিং পয়েন্ট এগিয়ে বেশি অ্যান্ডারসন। ক্যারিয়ার সেরা ৮৯৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলেন তিনি। জাদেজার ৮৮৪ পয়েন্ট।
সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন অ্যান্ডারসন। এর আগে ২০০৬ সালে সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে র্যাংকিংয়ের শীর্ষে ওঠেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। এরপর ২০০৯ সালে ম্যাকগ্রাকে কাটিয়ে সবচেয়ে বেশি বয়সে শীর্ষস্থান দখল করেন লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
এদিকে ৫০০ উইকেট নিয়ে দারুণ এক রেকর্ডে নাম লেখালেন অ্যান্ডারসন। ইতিহাসে তাঁর চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল পাঁচজন। ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়ে সর্বকালের সেরা উইকেটশিকারী হলেন মুরালিধরন। দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন (৭০৮)। পরের তিনটি নাম অনিল কুম্বলে (৬১৯), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও কোর্টনি ওয়ালশ (৫১৯)।

স্পোর্টস ডেস্ক