এশিয়া কাপের টাইটেল স্পন্সর মাইক্রোম্যাক্স
এশিয়া কাপের বাছাই পর্ব ফতুল্লায় চলছে এখন। ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এই আসরটির মূল পর্ব ঢাকায় বসছে। আর এর টাইটেল স্পন্সর হয়েছে মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ইনফরম্যাটিক্স লিমিটেড। তাই এবারের আসরের নাম হয়েছে ‘মাইক্রোম্যাক্স টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০১৬’।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাইক্রোম্যাক্স ইনফরম্যাটিক্স লিমিটেড।
এশিয়া কাপের মূলপর্বের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এখন বাছাইপর্ব চলছে ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে আসরটি শুরু হবে। ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ থাকছে বাছাইপর্ব থেকে উঠে আসা দল। এরপর ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা এবং ২ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আসরটির ফাইনাল হবে ৬ মার্চ।
এই আসরের স্পন্সর হতে পেরে মাইক্রোম্যাক্সের প্রধান বিপণন কর্মকর্তা সুভাজিৎ সেন বলেন, ‘সত্যিকার অর্থে তরুণদের একটি বাউন্ডারির মধ্যে রাখতে ক্রিকেট একটি অন্যতম মাধ্যম। ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্বের কোটি কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়। এবারই প্রথম এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। তাই আমরা বিশ্বাস করি এশিয়া কাপ ক্রিকেট প্রেমীদের জন্য এবার আরো আনন্দদায়ক হবে। মাইক্রোম্যাক্স এবারের এশিয়া কাপের সঙ্গে থাকতে পেরে গর্বিত।’
মাইক্রোম্যাক্সকে টাইটেল স্পন্সর হিসেবে পেয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট থিল্যাঙ্গা সুমাথিপালা বলেন, ‘মাইক্রোম্যাক্সকে টাইটেল স্পন্সর হিসেবে পেয়ে এসিসি খুবই আনন্দিত। আশা করি তাদের সঙ্গে কাজ করে একটি সফল টুর্নামেন্টে উপহার দিতে পারব আমরা।’

ক্রীড়া প্রতিবেদক