র্যাঙ্কিংয়ে উন্নতি চাইলে উইন্ডিজ সিরিজে বাংলাদেশের করণীয়
ব্যর্থ মিশন শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজ হারের হিসেবে আফগানদের কাছে এটি টানা তৃতীয় সিরিজ হার। যে ওয়ানডে ফরম্যাট নিয়ে গর্ব করত বাংলাদেশ, সেখানে এখন কেবল লজ্জা আর হাহাকার।
নিজেদের ফিরে পাওয়ার লক্ষ্যে আরেকটি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে জয়ের বিকল্প নেই। পাশাপাশি সিরিজটির গুরুত্ব আরেক জায়গায়। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১০ নম্বরে। রেটিং পয়েন্ট ৭৪। সরাসরি বিশ্বকাপ খেলতে টাইগারদের থাকতে হবে সেরা নয়ে। সেটি এখনই না। হাতে সময় আছে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে থাকতে হবে ৯ দলের মধ্যে। হাতে আছে আটটি সিরিজ এবং ২৪টি ম্যাচ। যার শুরুটা হবে উইন্ডিজদের বিপক্ষে।
৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে আট নম্বরে। বাংলাদেশ যদি এই সিরিজে ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮০। ক্যারিবিয়দের হবে ৭৬। বাংলাদেশকে নয় নম্বর জায়গা ছেড়ে তারা নেমে যাবে ১০-এ। সিরিজটি তাই রাখছে ভীষণ গুরুত্ব।
যদি ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ, তাহলে র্যাঙ্কিংয়ে হেরফের হবে না। রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। টাইগারদের হবে ৭৬, ক্যারিবিয়দের ৭৯। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলে ক্যারিবিয়দের পাশে থাকবে ৮১ পয়েন্ট, বাংলাদেশের কমে হবে ৭৩। আর সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং হবে ৮৪, বাংলাদেশের নামবে ৭১- এ।
মোটামুটি সামনের দিনগুলোতে প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে সমীকরণ মাথায় রাখতে হবে। ছন্দপতন হলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলা পড়তে পারে অনিশ্চয়তায়।

স্পোর্টস ডেস্ক