উত্তাপ ছড়ানো বাংলাদেশ–ভারত লড়াইয়ে কে এগিয়ে?
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম রাউন্ডের ম্যাচে ঢাকায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুই দলই ইতোমধ্যে টুর্নামেন্টের মূল পর্বে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে। তবে এই ম্যাচ ঘিরে উত্তাপ কমেনি একটুও। প্রতিবেশী দুই দেশের লড়াই মানেই বাড়তি আবেগ, উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতা। নিয়মরক্ষার ম্যাচ হয়েও তাই দুই দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
এশিয়ান কাপ বাছাইপর্বে এ পর্যন্ত চার ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে দু’দলের পয়েন্ট সমান। কিন্তু চার পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এতেই বাংলাদেশ আছে টেবিলের তিনে আর ভারত তলানিতে।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ভারত। আজকের ম্যাচে তাদের ৩০তম দেখা। আগের ২৯ ম্যাচে ভারত জিতেছে ১৩ বার, বাংলাদেশ জিতেছে ৩ বার আর বাকি ১৩ ম্যাচ ড্র হয়েছে।
আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথমবার মুখোমুখি হয় ১৯৭৮ সালে। ব্যাংকক এশিয়ান গেমসের সেই ম্যাচে বিদেশ বোস, হারজিন্দর সিং ও জাভিয়ের পিয়াসের গোলে ভারত জিতেছিল ৩-০ ব্যবধানে।
আরও পড়ুন : মর্যাদার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
দুদলের সর্বশেষ দেখা হয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম লেগে শিলংয়ে। চলতি বছরের মার্চে ভারতের বিপেক্ষে সেই ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। এর আগে ২০২১ সালে মালেতে সাফ চ্যাম্পিয়নশিপেও ০–০ ড্র করেছে দুই দল।
বাংলাদেশ সর্বশেষ ভারতের বিপক্ষে জিতেছে ২০০৩ সালে। ঢাকাতে ম্যাচটি তারা জিতেছে ২-১ গোলে। এই ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে মতিউর রহমান মুন্নার ‘গোল্ডেন গোল’ জয় পায় বাংলাদেশ। সেসময় অমীমাংসিত ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য ‘গোল্ডেন গোলের’নিয়ম ছিল। ম্যাচের অতিরিক্ত সময়ে যে দল আগে গোল করত, তারাই জয় পেতে। দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে ঢাকায় ম্যাচটিকে তাই আরও আকর্ষণীয় করে তুলেছে।
আরও পড়ুন : জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড
সাম্প্রতিক ফর্মেও দুই দলের পারফরম্যান্স ওঠানামার মধ্যে। সব প্রতিযোগিতা মিলিয়ে ভারত তাদের শেষ পাঁচ ম্যাচে একটি বড় জয়, দুটি ড্র এবং টাইব্রেকারে একটি জয় পেয়েছে।
ভারত ৬-১ ভুটান (প্রীতি ম্যাচ)
ভারত ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)
সিঙ্গাপুর ১-১ ভারত (এশিয়ান কাপ বাছাই)
ওমান ১ (২)- ১ (৩) ভারত (সিএএফএ নেশন্স কাপ)
আফগানিস্তান ০-০ ভারত (নেশন্স কাপ)
অন্যদিকে বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচে তিনটি ড্র ও দুটি ম্যাচে হেরেছে।
বাংলাদেশ ২-২ নেপাল (প্রীতি ম্যাচ)
হংকং ১-১ বাংলাদেশ (এশিয়ান কাপ বাছাই)
বাংলাদেশ ৩-৪ হংকং (এশিয়ান কাপ বাছাই)
নেপাল ০-০ বাংলাদেশ (প্রীতি ম্যাচ)
বাংলাদেশ ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)
সব মিলিয়ে আজকের ম্যাচ শুধু নিয়মরক্ষার লড়াই নয়, বরং ফুটবলে দুই প্রতিবেশী দেশের মর্যাদার লড়াই। সবকিছু মিলিয়েই ঢাকার মাঠে জমে ওঠার অপেক্ষা বাংলাদেশ–ভারতের ফুটবল দ্বৈরথ।

স্পোর্টস ডেস্ক