আইপিএলের রেকর্ড ভেঙে কলকাতায় গ্রিন
ক্যামেরন গ্রিন মূলত অলরাউন্ডার। কিন্তু, ম্যানেজারের ভুলে নিলামে তার নাম শুধু ব্যাটারদের তালিকাভুক্ত হয়। সেসব এখন মধুর ভুলে পরিণত হয়েছে। আইপিএলের ইতিহাস যে নতুন করে লিখলেন তিনি।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চলমান আইপিএলের নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের গ্রিনকে কেনা হয় ২৫ কোটি ২০ লাখ রুপিতে। তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে গ্রিনই এখন সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। ভেঙেছেন মিচেল স্টার্কের রেকর্ড। আর সবমিলিয়ে তৃতীয় সর্বোচ দামি ক্রিকেটার বনে গেছেন ২৬ বছর বয়সী গ্রিন।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কেনার লড়াইয়ে নেমেছিল তিনটি ফ্র্যাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স তার ভিত্তিমূল্য ডেকে লড়াইয়ে আর অংশ নেয়নি। শুরু হয় কলকাতা ও রাজস্থানের লড়াই। দুই দলের টানাটানিতে দাম ওঠে ১৩ কোটি ৬০ লাখ রুপি। এই পর্যায়ে রাজস্থান সরে আসে লড়াই থেকে। জমে ওঠে কলকাতা-চেন্নাই টানাটানি। শেষ পর্যন্ত কলকাতাই পায় গ্রিনকে।
টানা দ্বিতীয়বারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের নিলাম। আবুধাবির ইত্তিহাদ অ্যারেনায় চলছে এবারের নিলাম। গতবার দুদিনব্যাপী মেগা নিলাম চললেও এবারের মিনি নিলাম একদিনেই শেষ হবে।
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় শো আইপিএল। প্রতিবছর প্রায় দুই মাস ধরে ভক্তরা ডুবে থাকে আইপিএলের ঘোরে। ভারতের ঘরোয়া লিগ হলেও এর আবেদন বিশ্বজুড়ে। ২০২৬ সালে মাঠে গড়াবে আইপিএলের ১৯তম আসর

স্পোর্টস ডেস্ক