মুস্তাফিজের পাশে শশী থারুর, ক্ষোভ সাবেক ক্রিকেটারের
এর আগেও আইপিএলে ৮ আসরে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজুর রহমানের। তবে কখনোই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাকে। এবার রেকর্ড পারিশ্রমিকে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) নাম লেখানোর পর থেকেই একের পর এক হুমকি দিয়ে আসছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা। সেই পরিস্থিতিতে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে খেপেছেন দেশটির সাবেক বিশ্বজয়ী ক্রিকেটার মদন লাল। ফিজের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের নির্দেশনা নিয়ে মদন লাল বলেন, ‘আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এমনকি শাহরুখ খানও নন, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিসিআইয়ের অধীনেই পড়ে। তাই বিসিসিআই যা চায়, সেটাই কার্যকর হয়।’
মদন লাল আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন খেলাধুলার ভেতরে এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলাই বা কোন পথে—তা নিয়ে আমি সত্যিই চিন্তিত। বাংলাদেশে যা ঘটছে, তা খুবই দুঃখজনক।’
অন্যদিকে, মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর। ভারতীয় গণমাধ্যমে শশী থারুর বলেন, “ভারত যদি প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজুর একজন ক্রিকেটার। এসবের সঙ্গে তাকে জড়ানো ঠিক নয়। সে কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি।”
‘যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত।’ –যোগ করেন শশী থারুর।
গত কয়েকদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা।
এর আগে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। টাইগার পেসারকে হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি।
এএনআইকে সঞ্জয় নিরুপম বলেছেন, ‘যখন পুরো ভারত বাংলাদেশের ওপর রাগান্বিত ও ক্ষুব্ধ, এমনকি বাংলাদেশি কারও সঙ্গে ভারতীয় কোনো নাগরিকের ন্যূনতম সংযোগ নেই, ফলে তাদের কেউ এলে সেই আক্রোশের শিকার হবেন।
অন্যদিকে, উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোমও হুমকি দিয়ে রেখেছেন। ফিজকে বিমানবন্দরের বাইরে পা রাখতেই দেবেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। সঙ্গীত সোম বলেছেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না–এটা আমার প্রতিজ্ঞা।
উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ তো আরও এক ধাপ এগিয়ে। মুস্তাফিজকে মাঠে নামালে ভাঙচুরের হুমকি দিয়েছেন তিনি। নিউজ ১৮ তার উদ্বৃতি দিয়ে লিখেছে, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।
এরই প্রেক্ষাপটে আজ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার উদ্বৃতি দিয়ে এএনআইকে জানিছেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

স্পোর্টস ডেস্ক