ভিক্টোরি থেকে জুলে রিমে— বিশ্বকাপ ট্রফির নাম বদলেছে যতবার
ফুটবলার থেকে সমর্থক—সবারই আরাধ্য বিশ্বকাপের ট্রফিটা। আগামী জুনে মাঠে গড়াবে ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। তার আগে ভ্রমণে বেরিয়েছে বিশ্বকাপের মূল ট্রফি। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও আজ বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশে এসেছে বিশ্বকাপের ট্রফি।
প্রায় এক শতকের ফুটবল বিশ্বকাপের এই ট্রফি নিয়ে আছে নানা ইতিহাস। তিনবার পরিবর্তন হয়ে আজকের 'বিশ্বকাপ ট্রফি' নাম ধারণ করেছে।
১৯৩০ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। প্রথম আসরে শিরোপা উৎসব করে উরুগুয়ে। সেই ট্রফির নাম ছিল ‘ভিক্টোরি’। পরবর্তী তিন আসরেও দেওয়া হয় এই ট্রফি।
এরপর ১৯৪৬ সালে এসে বদলে যায় ট্রফির নাম। ফিফার তৎকালীন সভাপতি, যিনি বিশ্বকাপ শুরু করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন সেই জুলে রিমের নামে নামকরণ করা হয় ট্রফির। নতুন নাম দেওয়া হয় ‘জুলে রিমে ট্রফি’।
এই ট্রফিটির নকশা করেন ফরাসি ভাস্কর আবেল লাফ্লেয়ার। জুলে রিমে ছিল গ্রিক বিজয়ের দেবী ‘নাইকি’র একটি স্বর্ণমূর্তি। ১৯৭০ সাল পর্যন্ত দেওয়া হয় এই ট্রফি।
বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফিটির যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। ১৯৭০ সালে ব্রাজিল তিনবার বিশ্বকাপ জিতে ট্রফি নিজেদের করে নিলে নতুন ট্রফির প্রয়োজন পড়ে। তখন ৫৩টি দেশের নকশা থেকে ইতালিয়ান শিল্পী সিলভিও গাজানিগার করা নকশাটি চূড়ান্ত করে ফিফা। ইতালির মিলান শহরের 'জিডিই বার্তোনি' নামক কারখানায় এটি তৈরি করা হয়।

স্পোর্টস ডেস্ক