শীর্ষে থেকে প্লে-অফে রাজশাহী
প্লে-অফ নিশ্চিত ছিল আগেই। লড়াইটা ছিল শীর্ষস্থান পাকা করার। সেখানেও সফল রাজশাহী ওয়ারিয়র্স। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শনিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়েছে রাজশাহী।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। ১৯.৫ ওভারে অলআউট হয় ১২৫ রানে। জবাবে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করে রাজশাহী।
সীমিত রান তাড়ায় শুরুটা মোটেই ভালো হয়নি রাজশাহীর। ৩১ রান তুলতেই বিদায় নেন টপঅর্ডারের চার ব্যাটার। সেখান থেকে হাল ধরেন মুশফিকুর রহিম ও আকবর আলী। পঞ্চম উইকেটে ৮৪ রানের অসাধারণ জুটি গড়েন দুজন। ৪১ বলে একটি চার ও চারটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৮ করে আউট হন আকবর। মুশফিক মাঠ ছাড়েন দলকে জিতিয়েই। ৪১ বলে তিনটি চার ও একটি ছক্কায় অপরাজিত থাকেন ৪৬ রানে।
চট্টগ্রামের পক্ষে ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট পান শরিফুল ইসলাম। শেখ মেহেদি দুটি এবং আবু হায়দার রনি নেন এক উইকেট।
ভালো করতে পারেনি চট্টগ্রামের ওপেনিং জুটি। ১০ রানে ভাঙে সেটি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন নাঈম শেখ। আরেক ওপেনার মোহাম্মদ হারিস ১১ বলে ১৬ করে আউট হন। ওয়ানডাউনে নামা মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৯ রান।
মিডল অর্ডারে কেউই সেভাবে থিতু হতে পারেননি। মাহফিজুল ইসলাম ১৬ বলে ১০, হাসান নাওয়াজ ২৪ বলে ১৮ রানের টি-টোয়েন্টি বিরুদ্ধ ইনিংস খেলেন।
শেষ দিকে আসিফ আলী হাল ধরেন চট্টগ্রামের। চারটি ছক্কায় ২৪ বলে ৩৯ রান করেন তিনি। তাতে রান ১২০ পার করে চট্টগ্রাম।
রাজশাহীর পক্ষে বল হাতে দারুণ করেছেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে এক মেডেনসহ ১৭ রানে তার শিকার ৪ উইকেট। দুটি করে উইকেটে পেয়েছেন জাহানদাদ খান ও রায়ান বার্ল। জেমস নিশাম ও হাসান মুরাদ নিয়েছেন একটি করে উইকেট।
এই জয়ে ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে থেকে প্লে-অফে রাজশাহী। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আছে দুইয়ে।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম রয়্যালস : ১৯.৫ ওভারে ১২৫/১০ (হারিস ১৬, নাঈম ০, জয় ১৯, মাহফিজুল ১০, নাওয়াজ ১৮, মেহেদি ১, আসিফ ৩৯, জামাল ১, হায়দার ৭, শরিফুল ৩*, সানি ২; নিশাম ৩-০-১৬-১, জাহানদাদ ৩.৫-০-২৯-২, সাকিব ৩.৫-০-২৯-২, সাকিব ৪-১-১৭-৪, সাকলাইন ৪-০-১৬-০, হাসান ৩-০-২৬-১, বার্ল ২-০-১৫-২)
রাজশাহী ওয়ারিয়র্স : ১৯.৩ ওভারে ১২৬/৭ (ফারহান ৭, তামিম ৮, শান্ত ৩, মুশফিক ৪৬*, নিশাম ৩, আকবর ৪৮, বার্ল ০, সাকিব ২, জাহানদাদ ৫*; শরিফুল ৪-০-১৩-৩, রনি ৪-০-২৫-১, জামাল ৪-০-২২-০, মেহেদি ৪-০-৪০-২, সানি ৩.৩-০-২৩-০)
ফলাফল : রাজশাহী ৩ উইকেটে জয়ী।

ক্রীড়া প্রতিবেদক