ক্রিকেটারদের সঙ্গে কী কথা হয়েছে ক্রীড়া উপদেষ্টার?
যত আয়োজন ক্রিকেটারদের ঘিরেই। টে-টোয়েন্টি বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটাররা। সেই তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে বিশ্বকাপে খেলার মানে হয় না। যে কারণে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ বিকেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ নজরুল। বৈঠকে ক্রিকেটার ও ক্রীড়া উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা।
বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন ক্রীড়া উপদেষ্টা। তার কাছে জানতে চাওয়া হয়, ক্রিকেটারদের সঙ্গে কী কথা হয়েছিল? তিনি অবশ্য এড়িয়ে গেছেন সেসব। জানিয়েছেন, এটি ব্যক্তিগত আলোচনা।
আসিফ নজরুল বলেন, ‘এটা ব্যক্তিগত আলোচনা। আমি যদি বলি ক্রিকেটাররা কী কী বলেছে, সেটা আপনাদের বলব, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না।’
ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পক্ষে আসিফ নজরুল বলেন, ‘সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারি সিদ্ধান্ত। মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে, আঞ্চলিক-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে, একটা জেনুইন রিস্কের মধ্যে শুধু খেলোয়াড় না, দর্শক এবং সাংবাদিকদের ঠেলে দিলে কী হতে পারে, সেটাও আপনাদের সবার বিবেচনায় নেওয়া উচিত।’

ক্রীড়া প্রতিবেদক