মেগা ফাইনালের আগে মিরপুরে উৎসব
দেশের ক্রিকেট নিয়ে অস্বস্তি থাকতে পারে। ঘিরে ধরতে পারে হতাশা। তবু, এদেশের মানুষের মনের অনেকটা জায়গাজুড়ে ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উন্মাদনাও কম নয়। সেই উন্মাদনার পালে হাওয়া দিতে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের ফাইনাল মাঠে গড়াবে আজ। শিরোপা লড়াইয়ে নামবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম পরিণত হলো একটু টুকরো উৎসবের শহরে।
শুরুটা হয়েছে ট্রফি দিয়ে। বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে করে বিপিএলের নতুন ট্রফি নিয়ে মাঠে নামেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। পুরো স্টেডিয়ামের আকাশে একাধিক চক্কর দিয়ে নামে হেলিকপ্টার। সালমা-আকবর হেঁটে মাঠের লাল গালিচায় আসেন। এরপর ট্রফি উন্মোচন করেন ফাইনালের দুদলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেখ মেহেদি।
একদিকে আতশবাজি আর আলোর ঝলকানিতে ট্রফি উন্মোচন, অন্যদিকে ফ্লেম ফেয়ারে রঙের খেলা। উন্মোচনের পর গাড়িতে করে সারা মাঠ প্রদক্ষিণ করে ট্রফি। শেষ দিকে নাচে-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ফাইনালের দর্শকরা।

ক্রীড়া প্রতিবেদক