‘আইসিসি এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে’
নিরাপত্তা শঙ্কার কারণে নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি। টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে ডাকা হয়েছে স্কটল্যান্ডকে। আইসিসির এমন হটকারী সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে।
এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আইসিসিতে ভারতীয়দের আধিপত্যের কথা মনে করিয়ে দিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে মন্তব্য করেছেন তিনি।
আইসিসির সভাপতি জয় শাহ থেকে শুরু করে উচ্চপদস্থ অনেক কর্মকর্তাই ভারতীয়। যে কারণে আইসিসিতে ভারতীয়দের আধিপত্য নিয়ে অনেক সময়ই সমালোচনা হয়েছে। বাংলাদেশকে নিয়ে এই সিদ্ধান্তের পর সেটি আবারও আলোচনায় এসেছে।
সংশ্লিষ্টেরই ধারণা, আইসিসি ভারতের প্রভাবমুক্ত নয়। তাই দিনশেষে ভারত যা চায়, আইসিসি সেই অবস্থানেই অটুট থাকে- এমন কথাও শোনা যায়।
আফ্রিদি বলেন, 'দেখুন আইসিসি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, ওটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। এই জিনিসটাও দেখতে হবে।'
আইসিসিতে ভারতীয়দের আধিপত্য নিয়ে আফ্রিদি বলেন, 'বর্তমানে আইসিসির চেয়ারম্যানও ভারতের হাতেই আছে। আর কথা হচ্ছে যে, এই মুহূর্তে ভারত অনেক টাকা বিনিয়োগ করছে, ভারতের কাছে অনেক টাকা আছে, সবাই এই বিষয়টা জানে। কিন্তু এটাকে ভালো নজরে দেখা হবে না।'
বাংলাদেশ ইস্যু নিয়ে আফ্রিদি বলেন, ‘বিসিসিআই নিজেরাই চাপে আছে। তারা পাকিস্তানের সাথে বা অন্যান্য জায়গায় খেলতে চায়, নিজেদের খেলোয়াড়দের খেলতে দেখতে চায়, কিন্তু তাদের সমস্যা ঐ ঘুরে ফিরে মোদি সরকারের ওপর চলে আসে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রিকেটের মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছে বলে দাবি আফ্রিদির। তিনি বলেন, ‘মোদি তো এমনিতে ভারতকে দুনিয়া জুড়ে হাসির পাত্র বানিয়েছে, এখন ক্রিকেটের মাধ্যমেও আমি মনে করি অনেক ঘৃণা ছড়াচ্ছে।’

স্পোর্টস ডেস্ক