দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (১১ এপ্রিল) মিরপুরে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনেনি বিসিবি। নতুন নির্বাচক প্যানেল আশা রেখেছেন পুরোনোদের ওপর। কোনো নতুন সিরিজ এলে কিছুটা হলেও পরিবর্তন দেখা যায়। নতুন প্যানেল সেখানে ভিন্নতা এনেছেন বলা যায়।
পরিবর্তন না আনার ব্যাপারে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'আমার মনে হয় লাস্ট সিরিজে বাংলাদেশ ভালো খেলেছে। কিছু প্লেয়ার সুযোগ পায়নি। আমরা কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতী নয়। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করছি। কাউকে না খেলিয়ে বাদ দেওয়ার পক্ষে নই। কাউকে বাদ দিতে হলে আমাকে ক্লিয়ার হতে হবে, কেন বাদ দিচ্ছি। সেজন্য কাউকে বাদ দেইনি। একই দল রাখা হয়েছে।'
মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ঘোষিত দলে টপ অর্ডারে ভরসা হিসেবে আছেন সাইফ হাসান, তানজিদ তামিম, সৌম্য সরকাররা। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানাদের ওপর ভরসা রাখছে বোর্ড।
নিউজিল্যান্ড সিরিজে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

ক্রীড়া প্রতিবেদক