শ্রীলঙ্কার সঙ্গে পারল না বাংলাদেশ
ঘরের মাঠ, চেনা পরিবেশ। তবু, পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হারের তিক্ততা পেয়েছে বাংলার মেয়েরা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশকে ২৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানে থামে বাংলাদেশ।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ভালো করে বাংলাদেশ। ৩.৪ ওভারে ৩৯ রান যোগ করেন জুরাইরা ফেরদৌস ও দিলারা আক্তার। ১২ বলে ১৬ রান করে আতাপাত্তুর শিকার হয়ে ফেরেন জুরাইরা। ক্রিজে এসে টিকতে পারেননি অভিজ্ঞ শারমিন আক্তার। ১ রানেই সাজঘরে ফেরেন মাদারার বলে ক্যাচ তুলে দিয়ে।
মিতালির বলে দিলারা লেগবিফোর হন ১৪ বলে ২৩ রানে। দ্রুতই বিদায় নেন অধিনায়ক নিগার সুলতানা। ২ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। লেগবিফোর হন মাদারার ডেলিভারিতে।
নিগার বিদায় নিলে বিপদ বাড়ে দলের। ৪৪ রানে ৪ উইকেট হারানোর জয়ের আশা শেষ হয়। একপ্রান্ত আগলে রেখে স্বর্ণা আক্তার চেষ্টা করেন। ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬০ রান আসে স্বর্ণার ব্যাট থেকে। শেষ ব্যাটার হিসেবে রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়েন তিনি। বাকিরা ব্যর্থ হওয়ায় স্বর্ণার ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে।
শ্রীলঙ্কার পক্ষে মালকি মাদারা, মিতালি অযোদ্ধ্যা ও অধিনায়ক চামারি আতাপাত্তু নেন দুটি করে উইকেট।
ব্যাটিংয়ে শ্রীলঙ্কার দুজন ফিফটির দেখা পান। ৩৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৬১ রান করেন হার্শিতা সামারাবিক্রমা। ৪০ বলে ৭টি চারে ৫৫ রান আসে ইমেশা দুলানির ব্যাট থেকে। আতাপাত্তু করেন ৩০ বলে ৩২ রান।
বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন দুটি এবং মারুফা আক্তার ও নাহিদা আক্তার পান একটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক