এক উইকেট শিকার করে লাঞ্চে বাংলাদেশ
জিততে হলে পাকিস্তানকে রেকর্ড গড়তে হবে। মিরপুরে আজ মঙ্গলবার (১২ মে) পাকিস্তানকে জিততে হলে করতে হবে ২৬৮ রান। এই মাঠে চতুর্থ ইনিংসে এখন পর্যন্ত যা অসম্ভব। এখানে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ২০১০ সালে বাংলাদেশের দেওয়া ২০৯ রান তাড়া করে ইংলিশরা।
রেকর্ড গড়ার চাপ নিয়ে মাঠে নামা পাকিস্তান খেই হারিয়েছে ইনিংসের প্রথম ওভারে। ওভারের শেষ বলে ওপেনার ইমাম-উল-হককে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাসের হাতে ক্যাচ দেন ইমাম। ৩ রানে প্রথম উইকেট হারায় সফরকারী পাকিস্তান।
নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। তবে, আব্দুল্লাহ ফজলের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন নাকচ করে দেন আম্পায়ার।
চার ওভারে ৬ রান দিয়ে এক উইকেট শিকার করেই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।
এর আগে ৭০.৩ ওভারে ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসের ২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬৭।

ক্রীড়া প্রতিবেদক