যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়া রেফারিকে রাজকীয় সংবর্ধনা দেশবাসীর
বিশ্বকাপের স্বপ্ন থেমে গেছে, কিন্তু দেশের মানুষের ভালোবাসা থামেনি। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়া সোমালিয়ান রেফারি ওমর আরতান দেশে ফিরে পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা। যা তার কষ্টে অনেকটাই প্রলেপ দিয়েছে।
ফিফার চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়ার মাধ্যমে আরতান বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা প্রথম সোমালি রেফারি হতে যাচ্ছিলেন। আফ্রিকার অন্যতম সেরা এই রেফারি ২০২৫ সালে মহাদেশের সেরা পুরুষ রেফারির স্বীকৃতিও পেয়েছিলেন। তাই তার বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনা সোমালিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত শনিবার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের ভাষ্য, ‘যাচাই বাছাই সংক্রান্ত উদ্বেগের’ কারণে তার প্রবেশাধিকার বাতিল করা হয়। পরে ফিফাও তাকে বিশ্বকাপের রেফারিদের তালিকা থেকে সরিয়ে দেয়।
দেশে ফিরে বিমানবন্দরে দেওয়া বক্তব্যে আরতান তাকে সমর্থন করার জন্য সোমালি সরকার, সাধারণ মানুষ এবং ফিফাকে ধন্যবাদ জানান। তিনি জানান, এই ঘটনা তাকে হতাশ করলেও তার স্বপ্ন শেষ হয়ে যায়নি।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ আমি পরবর্তী বিশ্বকাপেও অংশ নেব। আমি চাই সোমালিয়ার মানুষ আত্মবিশ্বাসী হোক এবং নিজেদের দেশ নিয়ে গর্ব করুক।’
এদিকে, ফিফা নিযুক্ত একজন ম্যাচ কর্মকর্তাকে আয়োজক দেশে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এটিকে বিশ্বকাপের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে সোমালিয়াও রয়েছে।
মোগাদিশু বিমানবন্দরে আবেগঘন পরিবেশে আরতান বলেন, ‘সোমালিয়ার নাম উজ্জ্বল রাখা আমাদের সবার দায়িত্ব। এই দেশ, এই পতাকা ও এই পাসপোর্ট আমাদের পরিচয়। ভালো বা খারাপ, সব অবস্থাতেই আমাদের নিজেদের দেশকে সম্মানের সঙ্গে তুলে ধরতে হবে।’
আফ্রিকার রেফারিং অঙ্গনের অন্যতম পরিচিত নাম ৩৪ বছর বয়সী আরতান। ২০১৮ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২৫ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। চলতি বছর একই প্রতিযোগিতার ফাইনালে তিনি রেফারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মকর্তাদের নেতৃত্বও দেন।

স্পোর্টস ডেস্ক