ব্যর্থতার দায় মাথায় নিয়ে দায়িত্ব ছাড়লেন জার্মান কোচ
এক সময় বিশ্ব ফুটবলে জার্মানির ছিল একচেটিয়া আধিপত্য। কিন্তু ২০১৪ সালের পর থেকে সেই দাপট ধীরে ধীরে ফিকে হয়ে আসে। ধারাবাহিক ব্যর্থতার ধারায় ২০২৬ বিশ্বকাপেও শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই হতাশাজনক পারফরম্যান্সের দায় কাঁধে নিয়ে দায়িত্ব ছাড়লেন প্রধান কোচ হুলিয়ান নাগেলসম্যান।
প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর জার্মান শিবিরে অস্থিরতা শুরু হয়। শুরুতে নাগেলসম্যান দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করলেও পরে ফেডারেশন ও ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনার পর তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
নিজের বিবৃতিতে নাগেলসমান বলেন, ‘বিশ্বকাপ থেকে বিদায়ের পর আমি অনেক ভেবেছি এবং বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে আলোচনা করেছি। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না৷ তবে দলের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর ২০২৪-এর ইউরোর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও বড় মঞ্চে জার্মানিকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি তিনি।
এমন পরিস্থিতিতে জার্মান ফুটবলের পুনর্গঠনের পথে নামছে দেশটির ফুটবল ফেডারেশন। ফেডারেশন মনে করছে, নতুন নেতৃত্বই দলকে আবারও প্রতিযোগিতামূলক পর্যায়ে ফিরিয়ে আনতে পারে। আর সেই পরিকল্পনায় সবচেয়ে বড় নাম হয়ে উঠেছেন ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্ক