আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মাহরেজের
শেষটা রাঙালেন পারলেন না রিয়াদ মাহরেজ। বিশ্বকাপের শেষ ৩২-এ ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে শেষ হলো আলজেরিয়ার বিশ্বকাপ। ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন দলটির সবচেয়ে বড় তারকা মাহরেজ।
আলজেরিয়ার জার্সিতে মাহরেজের শেষ ম্যাচটা অবশ্য পুরো ৯০ মিনিট স্থায়ী হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার ২০ মিনিট আগে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ৩৫ বছর বয়সী তারকা মাঠ ছাড়ার মুহূর্তে আলজেরিয়ান সমর্থকদের উদ্দেশে হাততালি দিয়ে কৃতজ্ঞতা জানান। ম্যাচ শেষে আবারও ছুটে যান গ্যালারির কাছে।
বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলিতে খেলছেন ৩৫ বছর বয়সী মাহরেজ। আলজেরিয়ার হয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ১১৩টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৩৯টি।
ফ্রান্সের ক্লিশিতে জন্মগ্রহণ করলেও, বাবা-মা উভয়ের দিক থেকেই আলজেরীয় বংশোদ্ভূত হওয়ায় ২০১৩ সালে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন মাহরেজ। ২০১৬ সালে তিনি ‘আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।
তিন বছর পর, ২০১৯ সালে তার অধিনায়কত্বেই আলজেরিয়া আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) শিরোপা ঘরে তোলে। এবারের বিশ্বকাপেও গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আলজেরিয়ার হয়ে জোড়া গোল করেছিলেন অধিনায়ক মাহরেজ।

স্পোর্টস ডেস্ক