ব্রাজিলকে পেছনে ফেলল নেদারল্যান্ডস
বিশ্বকাপের শুরুটা ভালো ছিল না নেদারল্যান্ডসের। জাপানের বিপক্ষে ড্র করে শুরু হয়েছিল তাদের বিশ্বকাপ মিশন। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ডাচরা। সুইডেনকে নিয়ে রীতিমতো ছেলে-খেলা করেছে তারা। শেষ পর্যন্ত জয় পেয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে।
সুইডেনের বিপক্ষে এই বড় জয়ে নতুন এক রেকর্ডও গড়েছে নেদারল্যান্ডস। এতে পেছনে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। বিশ্বকাপে এতদিন টানা সর্বোচ্চ ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। এবার তাদের পেছনে ফেলে সেই রেকর্ড নিজেদের করে নিল ডাচরা। বিশ্বমঞ্চে টানা ১৪ ম্যাচে অপরাজিত কমলা শিবির।
এতদিন টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে এই রেকর্ডের মালিক ছিল কিংবদন্তি পেলে-গারিঞ্চাদের ব্রাজিল। ১৯৫৮ থেকে ১৯৬৬ বিশ্বকাপ পর্যন্ত তারা এই অজেয় যাত্রা ধরে রেখেছিল। দীর্ঘ প্রায় ৬০ বছর অক্ষুণ্ন থাকা ব্রাজিলের সেই রেকর্ড ভেঙে এবার এককভাবে চূড়ায় উঠে বসল নেদারল্যান্ডস।
পরিসংখ্যান বলছে, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর বিশ্বকাপে নির্ধারিত বা অতিরিক্ত সময়ে আর কোনো ম্যাচ হারেনি ডাচরা। সেবার অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল তাদের। সেই হারের পর থেকে এই দীর্ঘ সময় ধরে তারা কোনো হার দেখেনি।
মাঝের সময়টিতে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে ডাচরা টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও, সেটি কোনো পরাজয়ের মাধ্যমে ছিল না। বরং টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।
ফিফার নিয়ম অনুযায়ী, টাইব্রেকারে নির্ধারিত ফলাফলকে ‘ড্র’ হিসেবে গণ্য করা হয়, হার হিসেবে নয়। সেই হিসাব অনুযায়ী, ২০১০ সালের ফাইনালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের মূল লড়াইয়ে অপরাজিত থাকার অনন্য নজির গড়েছে নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক