শেষের চমকে হাইতিকে হারিয়ে গ্রুপ রানার্সআপ মরক্কো
ম্যাচের শুরুতেই চমক নিয়ে হাজির হয়েছিল হাইতি। প্রথমার্ধ সেটার প্রদর্শন বেশ ভালোই করল। তবে মরক্কোও হাল ছেড়ে দেয়নি। দুইবার পিছিয়ে পড়ার পরও ফিরে এসেছে তারা। শেষের রোমাঞ্চে জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপের রানার্স হয়েই নকআউটে যেতে হচ্ছে মরক্কোকে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় আটলান্টা স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল মরক্কো আর হাইতি। দারুণ লড়াই শেষে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো।
গ্রুপ পর্ব শেষে ২ জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে নকআউটে গেল মরক্কো। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ব্রাজিল।
অন্যদিকে, এক জয় আর দুই হারে ৩ পয়েন্ট নিয়ে সেরা আট ‘তৃতীয় স্থান’ দল হিসেবে নকআউটে যাওয়ার আশায় স্কটল্যান্ড। আর কোনো পয়েণ্ট ছাড়াই এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল হাইতির।
ম্যাচের শুরুতেই চমক দেখায় হাইতি। দশম মিনিটে ডান প্রান্ত থেকে আসা আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। আত্মঘাতী সেই গোলে এগিয়ে যায় হাইতি।
প্রথমার্ধের বেশির ভাগ সময় বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ চালায় মরক্কো। সেই চাপের ফল আসে ৩৯ মিনিটে। অধিনায়ক আশরাফ হাকিমি ডান দিক থেকে গড়ে ওঠা আক্রমণ শেষ করে সমতা ফেরান।
তবে বিরতির আগেই আবারও এগিয়ে যায় হাইতি। ৪৩তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোল করেন উইল্ড-ডোনাল্ড ইসিদর। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে ইসমাইল সাইবারির গোলে ২-২ সমতায় ফেরে মরক্কো।
সমতায় শেষ হওয়া প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মরক্কো। হাইতির রক্ষণে ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে তারা। অবশেষে ৭৮তম মিনিটে সেই চাপের ফল আসে। বক্সের ভেতরে সুযোগ পেয়ে গোল করেন সফিয়ান রহিমি। তার গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় মরক্কো।
এরপর হাইতি সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালালেও শেষ মুহূর্তে তাদের সব আশা শেষ করে দেন গুইলহেম ইয়াসিন। ৮৯তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে মরক্কোর জয় নিশ্চিত করেন তিনি।

স্পোর্টস ডেস্ক