এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার
রাজধানীর আগারগাঁওয়ে চলমান চার দিনব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬-এর দ্বিতীয় দিনে শুরু হয়েছে বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। মেলা প্রাঙ্গণের হল অব ফেমে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, বিসিএস-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, গিগাবাইটের রিজিওনাল বিজনেস হেড অ্যালান সু, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক মামুন অর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিসিএস ই-চ্যাম্পিয়নশিপের সিলভার স্পন্সর হিসেবে রয়েছে গিগাবাইট, এসার, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে তিনটি জনপ্রিয় গেম-ফিফা ২৬, ভেলোরেন্ট ও ই-ফুটবল-এ মোট চার লাখ টাকা প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনের পর নকআউট পর্বে ফিফা ২৬ ও ভেলোরেন্টের খেলা শুরু হয়। ভেন্যুর বড় পর্দায় সরাসরি ম্যাচ সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি মোবাইল প্ল্যাটফর্মে চলছে ই-ফুটবল প্রতিযোগিতা।
গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘এই টুর্নামেন্টের অনলাইন পর্ব এক সপ্তাহ আগে শুরু হয়েছে। আজ থেকে সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গেমাররা এতে অংশ নিচ্ছেন।’
তরুণদের অংশগ্রহণ আরও উৎসাহিত করতে দর্শকদের জন্য বিশেষ ফ্রি গিভঅ্যাওয়ে আয়োজন করা হয়েছে বলেও জানান আয়োজকরা।
আয়োজকদের মতে, এই ই-চ্যাম্পিয়নশিপের মাধ্যমে দেশের তরুণদের মধ্যে ই-স্পোর্টসের সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রসঙ্গত, দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ শুরু হয় ২৮ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। আগামীকাল ৩১ জানুয়ারি শেষ হবে এ প্রযুক্তি মেলা। এই প্রদর্শনীতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকলেও অনলাইনে অথবা প্রদর্শনী প্রাঙ্গণে নিবন্ধন করতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক