চীনের রোবট গেমসে হিউম্যানয়েড প্রযুক্তির নতুন চমক
চীনে আয়োজিত ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’ হয়ে উঠেছে দেশটির হিউম্যানয়েড রোবট প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি দেখানোর বড় মঞ্চ। বেইজিংয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দৌড়, কিকবক্সিংসহ নানা কাজে অংশ নিচ্ছে হিউম্যানয়েড রোবট। প্রতিযোগিতার বিভিন্ন ভিডিওতে রোবটের নতুন সক্ষমতার পাশাপাশি প্রযুক্তির সীমাবদ্ধতাও সামনে আসছে।
চলতি বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে চীনের এই রোবট গেমস। অলিম্পিকের আদলে আয়োজিত প্রতিযোগিতাটিকে দেশটির হিউম্যানয়েড রোবট শিল্পের এক ধরনের প্রকাশ্য সক্ষমতা যাচাইয়ের মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিযোগিতার শুরুতেই রোবটের দৌড়ের গতি ও ভারসাম্য রক্ষার সক্ষমতায় অগ্রগতি দেখা গেছে। একই সঙ্গে ঘর ও কর্মক্ষেত্রে ব্যবহারের জন্য আরও জটিল এবং সূক্ষ্ম কাজেও রোবটগুলোকে পরীক্ষা করা হচ্ছে।
চীনের রোবট শিল্পের এ ধরনের প্রদর্শনী নিয়ে পশ্চিমা দেশগুলোর কিছু প্রতিদ্বন্দ্বী সমালোচনা করে আসছে। তাদের মতে, নাচ বা দৌড়ের মতো আগে থেকে নির্ধারিত কাজ দেখানোর চেয়ে অর্থনীতির ভবিষ্যৎ পরিবর্তনে সক্ষম আরও বুদ্ধিমান প্রযুক্তি তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ।
এসব প্রদর্শনী ও বিনিয়োগে চীনের রোবট শিল্পে আগ্রহ বাড়ছে। এরই মধ্যে চীনা রোবট নির্মাতা ইউনিট্রি রোবোটিক্সের শেয়ার সাংহাইয়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে বেইজিংয়ের প্রদর্শনীতে যে প্রযুক্তিগত সক্ষমতা দেখানো হচ্ছে, তা সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবহারে কতটা কার্যকরভাবে কাজে লাগানো যায়-সেটিই এখন চীনের হিউম্যানয়েড রোবট শিল্পের বড় চ্যালেঞ্জ।

নিজস্ব প্রতিবেদক