সাইবার হামলায় স্পেসএক্সের এআই টুল ব্যবহার, আক্রান্ত ৭ প্রতিষ্ঠান
রুশভাষী হ্যাকাররা স্পেসএক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোডিং সহকারী কার্সর ব্যবহার করে চলতি বছরের শুরুতে একটি বেলজিয়ান রাসায়নিক প্রতিষ্ঠানসহ অন্তত সাতটি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গ্যামবিট সিকিউরিটি ও ক্লাউডসেকের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হামলাকারীরা কার্সরের এআই এজেন্টকে বিভ্রান্ত করতে তাদের কার্যক্রমকে নিরাপত্তা পরীক্ষা বা সিমুলেশনের অংশ হিসেবে উপস্থাপন করেছিল। এর মাধ্যমে এআইয়ের নিরাপত্তা ব্যবস্থা পাশ কাটিয়ে তারা শত শত ক্ষতিকর কার্যক্রম পরিচালনা করে। এতে হ্যাকারদের কাজের গতি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গ্যামবিট সিকিউরিটি একটি ইন্টারনেট-উন্মুক্ত সার্ভার শনাক্ত করার পর হামলার বিষয়টি সামনে আসে। সেখানে হ্যাকারদের সঙ্গে কার্সর এআই এজেন্টের ২৮টি কথোপকথনের রেকর্ড পাওয়া যায়। এসব কথোপকথন ৮ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত সময়ের। তদন্তকারীরা এসব তথ্য বিশ্লেষণ করে আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর কয়েকটির পরিচয় শনাক্ত করেন।
আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেলজিয়ামের রাসায়নিক ও পরিচ্ছন্নতা পণ্য প্রস্তুতকারক ক্রিস্টেইন্স, জার্মানির দরজা নির্মাতা টেকেনট্রুপ, স্কটল্যান্ডের হেলিডেক সার্টিফিকেশন এজেন্সি, আর্জেন্টিনার একটি ওষুধ বিতরণকারী প্রতিষ্ঠান, ইতালির একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক বেউ টাইটেল।
তদন্তে আরও দেখা গেছে, কার্সর এজেন্ট কখনো কখনো ক্ষতিকর অনুরোধ প্রত্যাখ্যান করলেও হ্যাকাররা নতুন করে কথোপকথন শুরু করে এবং কাজগুলো বৈধ নিরাপত্তা পরীক্ষার অংশ বলে দাবি করে এআইকে ব্যবহার করতে সক্ষম হয়। এক পর্যায়ে কার্সর এআই তাদের একটি জার্মান নির্মাণ প্রতিষ্ঠানে ঢোকার জন্য প্রচলিত ম্যালওয়্যার ব্যবহারের পরামর্শও দেয়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক এআই ব্যবস্থার নিরাপত্তা-সীমা এড়িয়ে যাওয়ার এই প্রবণতা নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। এআই ব্যবহার করে সাইবার হামলা আরও দ্রুত ও সহজ হয়ে ওঠায় ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি আরও বাড়তে পারে।
এদিকে এআই-নির্ভর সাইবার হামলার ঝুঁকি নিয়ে একই সময়ে সতর্ক করেছে শতাধিক প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠান। ওপেনএআই, অ্যানথ্রপিক, মাইক্রোসফট, গুগলসহ শতাধিক প্রতিষ্ঠান এক যৌথ চিঠিতে এআই-চালিত সাইবার হামলা মোকাবিলায় দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে।
কার্সর ও এর মূল প্রতিষ্ঠান স্পেসএক্স এবং এআই মডেল সরবরাহকারী অ্যানথ্রপিক এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক