ধীরগতির ওয়াই-ফাই নিয়ে বিরক্ত? আজই বদলে ফেলুন রাউটার রাখার এই নিয়মগুলো
বাসায় ওয়াই-ফাই সংযোগ থাকলেও অনেক সময় ঘরের সব জায়গায় সমান গতি পাওয়া যায় না। কোথাও ইন্টারনেটের গতি ভালো, আবার কোনো ঘরে সিগন্যাল দুর্বল। কখনো সংযোগ বারবার বিচ্ছিন্নও হয়ে যায়। অনেকেই মনে করেন, বেশি দামের রাউটার কিনলেই এ সমস্যার সমাধান হবে। তবে রাউটারের দাম ছাড়াও এর অবস্থান, অ্যান্টেনার দিক এবং আশপাশের পরিবেশ ওয়াই-ফাইয়ের কাভারেজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঘরে ভালো ওয়াই-ফাই কাভারেজ ও গতি পেতে রাউটার ব্যবহারে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
একতলা বাসায় অ্যান্টেনা রাখুন সোজা
একতলা বাসার একই তলার বিভিন্ন কক্ষে ভালো সিগন্যাল পেতে রাউটারের অ্যান্টেনা সাধারণত সোজা বা উল্লম্বভাবে রাখা ভালো। এতে একই তলের বিভিন্ন দিকে সিগন্যাল ছড়াতে সুবিধা হয়।
বহুতল বাসায় অ্যান্টেনার অবস্থান পরিবর্তন করে দেখুন
একাধিক তলায় ওয়াই-ফাই ব্যবহার করলে অ্যান্টেনার কোণ কিছুটা পরিবর্তন করে পরীক্ষা করতে পারেন। এতে ওপরের ও নিচের তলায় সিগন্যালের মানে পরিবর্তন আসতে পারে। তবে সব রাউটারের অ্যান্টেনার ধরন ও সিগন্যাল ছড়ানোর পদ্ধতি এক নয়। তাই নিজের বাসার পরিবেশ অনুযায়ী পরীক্ষা করে উপযুক্ত অবস্থান ঠিক করা ভালো।
রাউটার রাখুন ঘরের মাঝামাঝি স্থানে
রাউটার ঘরের কোনো এক কোণে রাখলে বাড়ির অন্য অংশে সিগন্যাল দুর্বল হতে পারে। তাই সম্ভব হলে বাড়ির মাঝামাঝি স্থানে রাউটার রাখুন। এতে বিভিন্ন কক্ষে তুলনামূলক ভালোভাবে সিগন্যাল পৌঁছাতে পারে।
উঁচু ও খোলা জায়গায় রাখুন
রাউটার মেঝেতে, টেবিলের নিচে কিংবা বন্ধ আলমারির ভেতরে রাখা ঠিক নয়। বরং মাটি থেকে কিছুটা উঁচুতে এবং খোলা জায়গায় রাখুন। এতে সিগন্যাল ছড়ানোর ক্ষেত্রে বাধা কমে।
দেয়াল ও ধাতব বস্তু থেকে দূরে রাখুন
রাউটারের আশপাশে মোটা দেয়াল, ফ্রিজ, মাইক্রোওয়েভ ও বড় ধাতব বস্তু থাকলে ওয়াই-ফাই সিগন্যাল দুর্বল হতে পারে। তাই এসব জিনিস থেকে কিছুটা দূরে রাউটার রাখুন। বিশেষ করে মাইক্রোওয়েভের কাছাকাছি রাউটার না রাখাই ভালো।
সব মিলিয়ে, বাসায় ওয়াই-ফাইয়ের ভালো গতি ও কাভারেজ পেতে শুধু দামি রাউটার কেনাই যথেষ্ট নয়। রাউটারের সঠিক অবস্থান, অ্যান্টেনার দিক এবং আশপাশের পরিবেশের দিকেও নজর দিতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক