হোয়াটসঅ্যাপে এবার শব্দযুক্ত স্টিকার, ট্যাপ করলেই বাজবে অডিও
জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপে স্টিকারে শব্দ যুক্ত করার নতুন সুবিধা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও থেকে স্টিকার তৈরি করার পাশাপাশি তাতে মূল ভিডিওর শব্দ, নিজের রেকর্ড করা কণ্ঠ বা ফোনে সংরক্ষিত অন্য কোনো অডিও যুক্ত করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়াবিটাইনফোর জানিয়েছে, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ সংস্করণের পরীক্ষামূলক হোয়াটসঅ্যাপ হালনাগাদে নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকায় সব ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে সুবিধাটি নাও পেতে পারেন।
নতুন সুবিধাটি ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপের কোনো একটি চ্যাট খুলে স্টিকার আইকনে চাপ দিতে হবে। এরপর ‘ক্রিয়েট স্টিকার’ নির্বাচন করে ফোনের গ্যালারি থেকে একটি ভিডিও বেছে নিতে হবে। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটিকে স্টিকারে রূপান্তর করবে।
এরপর ওপরের মেনুতে নতুন ‘সাউন্ড’ আইকন দেখা যাবে। এতে চাপ দিলে ‘অ্যাড সাউন্ড’ নামে একটি নতুন অপশন খুলবে। সেখান থেকে ব্যবহারকারী ভিডিওর মূল শব্দটি স্টিকারে রাখতে পারবেন। চাইলে নিজের কণ্ঠ বা অন্য কোনো শব্দ রেকর্ড করেও যুক্ত করা যাবে। এ ছাড়া ফোনে আগে থেকে সংরক্ষিত অডিও ফাইলও ব্যবহার করা যাবে।
সবকিছু ঠিকঠাক করার পর শব্দযুক্ত স্টিকারটি সংরক্ষণ করে অন্য ব্যবহারকারীদের পাঠানো যাবে। ফলে ভিডিওর কোনো মজার দৃশ্য বা জনপ্রিয় শব্দের সঙ্গে মিলিয়ে সহজেই ব্যক্তিগত স্টিকার তৈরি করা সম্ভব হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সুবিধার মাধ্যমে জনপ্রিয় ভিডিও বা বিভিন্ন ভাইরাল দৃশ্যের শব্দ ব্যবহার করে মজার স্টিকার তৈরি করা যাবে। বিশেষ করে কোনো ভিডিওর পরিচিত সংলাপ, গান বা শব্দকে স্টিকারের সঙ্গে যুক্ত করে বন্ধুদের সঙ্গে চ্যাটে পাঠানো সম্ভব হবে।
তবে সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারকারীরাও সবাই এখনই শব্দযুক্ত স্টিকার তৈরির সুবিধা নাও পেতে পারেন। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভবিষ্যতে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সূত্র: এনগ্যাজেট

এনটিভি অনলাইন ডেস্ক