করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান ডব্লিউএইচও প্রধানের
নভেল করোনাভাইরাস মহামারিতে এ পর্যন্ত বিশ্বব্যাপী সাত লাখের বেশি মানুষের মৃত্যু এবং এক কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হওয়ায় ঐক্যবদ্ধ হয়ে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করতে আবারও সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস।
ইউএন নিউজের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবি জানিয়েছে, এসপেন সিকিউরিটি ফোরামে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এবং সাবেক সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল ওই সভায় টেড্রস আধানম বলেন, ‘সব পার্থক্য নিয়েই আমরা একই পৃথিবীতে বাস করছি এবং আমাদের সুরক্ষা পারস্পরিক নির্ভরশীল। কোনো দেশ নিরাপদ থাকবে না, যতক্ষণ না আমরা সবাই নিরাপদ থাকি।’
‘এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সহযোগিতার পথ বেছে নিতে আমি সব নেতার প্রতি আহ্বান জানাই। এটিই আমাদের একমাত্র পথ,’ যোগ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
কোনো দেশই নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে একা লড়াই করতে পারছে না উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘আমাদের এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হলো বিজ্ঞান, সমাধান ও সংহতি এবং একসঙ্গেই আমরা এই মহামারি কাটিয়ে উঠতে পারি।’

এনটিভি অনলাইন ডেস্ক