করোনা কেড়ে নিল নবজাতকের প্রাণ
যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ছয় সপ্তাহের এক শিশু। কানেক্টিকাটের গভর্নর গতকাল বুধবার এক টুইটে খবরটি জানান।
কানেক্টিকাটের গভর্নর নেড ল্যামন্ট জানান, ওই অঙ্গরাজ্যে করোনায় এই প্রথম কোনো শিশুর মৃত্যু হলো। মার্কিন সাপ্তাহিক পিপল ম্যাগাজিন এ খবর জানিয়েছে।
গভর্নর নেড ল্যামন্ট টুইটে বলেন, ‘হার্টফোর্ড এলাকা থেকে ছয় সপ্তাহ বয়সী একটি শিশুকে গত সপ্তাহে হাসপাতালে আনা হয়। তাকে বাঁচানো যায়নি।’
গভর্নর নেড ল্যামন্ট আরো বলেন, ‘গত রাতে (গতকাল বুধবার) নবজাতকটির কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে।’
‘এটা মর্মান্তিক একটি ঘটনা। আমাদের বিশ্বাস, শিশুটি কোভিড-১৯ রোগে মারা যাওয়া কমবয়সীদের মধ্যে একজন,’ যোগ করেন নেড ল্যামন্ট।
আরেক টুইটে নেড ল্যামন্ট বলেন, ‘এটা এমন একটি ভাইরাস, যা সবচেয়ে নাজুকদের ওপর নির্দয়ভাবে আক্রমণ করে। বাড়িতে থাকা এবং মানুষের সামাজিক মেলামেশা সীমিত করার গুরুত্ব বোঝা যাচ্ছে। আপনার নিজের প্রাণ এবং অন্যদের জীবন আক্ষরিক অর্থেই এর ওপর নির্ভর করছে।’
হার্টফোর্ড মেয়র লুক ব্রোনিন গতকাল বুধবার বলেন, ‘শিশুটির পরিবারের কথা ভেবে মনটা ভেঙে যাচ্ছে। আমরা এটাও দেখলাম যে, এ রোগ কতটা অননুমেয় এবং যেকোনো বয়সের জন্য কতটা প্রাণঘাতী হতে পারে।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জর্জরিত যুক্তরাষ্ট্র। লকডাউনেও থেমে নেই মৃত্যু। করোনার সংক্রমণে একদিনে যুক্তরাষ্ট্রে মারা গেছে রেকর্ড ৮৮৪ জন। দেশটিতে মৃত্যুর মোট সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

অনলাইন ডেস্ক