ট্রাম্পের ছবি সংযুক্ত ব্যাংকনোট ছাপানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি সম্বলিত নতুন ২৫০ ডলারের ব্যাংকনোট ছাপানোর প্রস্তুতি চলছে। আইন পরিবর্তন হলে এই নোট বাজারে চালুর বিষয়ে কংগ্রেস সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে বেসেন্ট বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী বর্তমানে জীবিত কোনো ব্যক্তির ছবি মার্কিন মুদ্রায় ব্যবহারের নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে। সেই পরিবর্তন হলে ট্রাম্পের ছবি যুক্ত নতুন নোট চালু করা সম্ভব হবে। খবর আল জাজিরার।
বেসেন্ট বলেন, এখন কংগ্রেসে একটি প্রস্তাব রয়েছে- যার মাধ্যমে নিয়ম পরিবর্তন করে জীবিত ব্যক্তির ছবি, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ছবি ২৫০ ডলারের নোটে ব্যবহার করা যেতে পারে।
বেসেন্ট আরও জানান, ১৭৭৬ সালে মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ নোটটি তৈরির পরিকল্পনা করা হচ্ছে এবং সেই অনুযায়ী একটি ডিজাইনও প্রস্তুত রাখা হয়েছে।
মার্কিন আইন অনুযায়ী এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তির ছবি দেশটির ব্যাংকনোটে ব্যবহার করা যায় না। তবে নতুন প্রস্তাব পাস হলে এই নিয়মে ব্যতিক্রম তৈরি হবে।
তবে এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যে সমালোচনাও শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশ বলছে, সরকারি পদে থাকা অবস্থায় একজন বর্তমান প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহার করা গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থি হতে পারে এবং এটি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির ইঙ্গিত দেয়।
এর আগে ট্রাম্প প্রশাসনের সময়ে বিভিন্ন সরকারি ভবনে তার প্রতিকৃতি প্রদর্শন এবং স্মারক কয়েন তৈরির উদ্যোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।
এখন কংগ্রেসে প্রস্তাবটি পাস হবে কি না, সেটির ওপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার কোনো জীবিত প্রেসিডেন্টের ছবি ব্যাংকনোটে আসবে কি না।

এনটিভি অনলাইন ডেস্ক